নির্বাচনি ইশতেহার বাস্তবায়নে দলীয় নেতাকর্মীদের প্রতি সহযোগিতার আহ্বান প্রধানমন্ত্রীর


অনলাইন ডেস্ক প্রকাশের সময় : মে ৯, ২০২৬, ৪:৩৫ অপরাহ্ণ
নির্বাচনি ইশতেহার বাস্তবায়নে দলীয় নেতাকর্মীদের প্রতি সহযোগিতার আহ্বান প্রধানমন্ত্রীর

সরকারের নির্বাচনি ইশতেহার বাস্তবায়নে দলীয় নেতাকর্মীদের সহযোগিতা চেয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। তিনি বলেছেন, দলের সমর্থন ও সমন্বয় ছাড়া সরকার সফল হতে পারবে না। জনগণের কাছে দেওয়া প্রতিশ্রুতি বাস্তবায়নে সবাইকে নতুন করে সংগ্রামে নামতে হবে।

শনিবার (৯ মে) সকালে রাজধানীর ফার্মগেটের কৃষিবিদ ইনস্টিটিউশন, বাংলাদেশ মিলনায়তনে আয়োজিত মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন। ‘সবার আগে বাংলাদেশ’ স্লোগানকে সামনে রেখে বিএনপি, যুবদল, স্বেচ্ছাসেবক দল ও ছাত্রদলের নেতাকর্মীদের নিয়ে এই সভার আয়োজন করা হয়।

সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। সভাপতিত্ব করেন দলটির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী।

তারেক রহমান বলেন, “আমাদের একটি যুদ্ধ শেষ হয়েছে। এখন আরেকটি যুদ্ধ শুরু হয়েছে। সেটা হলো—মানুষকে আমরা যে প্রতিশ্রুতি দিয়েছিলাম, তা বাস্তবায়ন করা।” তিনি বলেন, গত ১২ ফেব্রুয়ারির নির্বাচনে নেতাকর্মীরা মাঠে থেকে কঠিন পরিস্থিতির মধ্যেও কাজ করেছেন। জনগণ বিএনপির নির্বাচনি ইশতেহারের প্রতি সমর্থন জানিয়েছে বলেও দাবি করেন তিনি।

প্রধানমন্ত্রী বলেন, নির্বাচনের আগে দেওয়া ইশতেহার এখন জনগণের ইশতেহারে পরিণত হয়েছে। কারণ ভোট দেওয়া জনগণের বড় অংশ সেই ইশতেহারের পক্ষেই রায় দিয়েছে। তাই জনগণের প্রত্যাশা পূরণে সর্বোচ্চ চেষ্টা চালাতে হবে। তিনি আরও বলেন, নির্বাচনের আগে বিএনপি জনগণকে সুশাসন, নিরাপদ সমাজ ও উন্নত শিক্ষার পরিবেশ গড়ার প্রতিশ্রুতি দিয়েছিল। এমন একটি বাংলাদেশ গড়তে হবে যেখানে নারী, পুরুষ ও শিশুরা নিরাপদে চলাফেরা করতে পারবে এবং মানুষ স্বাধীনভাবে মত প্রকাশ করতে পারবে।

তারেক রহমান বলেন, “আমরা যখন স্বৈরাচার ও ফ্যাসিবাদের বিরুদ্ধে আন্দোলন করেছি, তখন চেয়েছি এমন একটি রাজনৈতিক পরিবেশ যেখানে মতপ্রকাশের স্বাধীনতা থাকবে, বিতর্ক থাকবে, কিন্তু গুম-খুন বা নির্যাতনের ভয় থাকবে না।” তিনি নেতাকর্মীদের উদ্দেশে বলেন, “সরকার আছে ঠিকই, কিন্তু এটি বিএনপি সরকার। তাই বিএনপি সহযোগিতা না করলে অনেক ক্ষেত্রেই সরকার সফল হতে পারবে না।”

সভায় বিএনপির স্থায়ী কমিটির সদস্য খন্দকার মোশাররফ হোসেন, আবদুল মঈন খান, আমির খসরু মাহমুদ চৌধুরী, সালাহ উদ্দিন আহমদ, ইকবাল হাসান মাহমুদ টুকু, সেলিমা রহমান ও এজেডএম জাহিদ হোসেনসহ শীর্ষ নেতারা উপস্থিত ছিলেন। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের পর মাঠপর্যায়ের নেতাদের সঙ্গে প্রধানমন্ত্রী তারেক রহমানের এটি ছিল প্রথম মতবিনিময় সভা।