তামিমকে ছাড়িয়ে মুশফিকের ইতিহাস


অনলাইন ডেস্ক প্রকাশের সময় : মে ৯, ২০২৬, ৬:০১ অপরাহ্ণ
তামিমকে ছাড়িয়ে মুশফিকের ইতিহাস

সতীর্থদের সঙ্গে কেক কেটে ৩৯তম জন্মদিন উদযাপনের পর মিরপুর টেস্টের দ্বিতীয় দিন শুরু করেছিলেন মুশফিকুর রহিম। আর মাঠে নেমেই ব্যাট হাতে নিজের বিশেষ দিনটিকে আরও স্মরণীয় করে তুললেন এই অভিজ্ঞ টাইগার ব্যাটার। সেই সঙ্গে সাবেক সতীর্থ ও বর্তমান বিসিবি অ্যাড-হক কমিটির সভাপতি তামিম ইকবালকে ছাড়িয়ে গড়লেন নতুন রেকর্ড।

মিরপুর টেস্ট শুরুর আগে বাংলাদেশের ব্যাটসম্যানদের মধ্যে সর্বোচ্চ ৪১টি ফিফটি (৫০+ রান) ছিল যৌথভাবে তামিম ইকবাল ও মুশফিকুর রহিমের। তবে আজ (শনিবার) সেই রেকর্ডে এককভাবে শীর্ষে উঠে গেলেন মুশফিক। ফিফটি পূর্ণ করে তিনি এখন দেশের হয়ে সর্বোচ্চ পঞ্চাশোর্ধ ইনিংসের মালিক।

চলমান টেস্টের প্রথম দিনেই হাফসেঞ্চুরির পথে ছিলেন মুশফিক। দিন শেষে তিনি অপরাজিত ছিলেন ৪৮ রানে। দ্বিতীয় দিনের শুরুতে চতুর্থ ওভারে শাহিন আফ্রিদির বলে সিঙ্গেল নিয়ে ফিফটি পূর্ণ করেন তিনি। এরপর ধৈর্যশীল ব্যাটিংয়ে ইনিংসকে এগিয়ে নিয়ে যান অভিজ্ঞ এই ব্যাটার।

অন্যদিকে, তাকে সঙ্গ দিতে নেমে লিটন কুমার দাস ৬৭ বলে ৩৩ রান করে আব্বাসের বলে ক্যাচ আউট হন। এরপর মেহেদী হাসান মিরাজও ব্যাট হাতে সুবিধা করতে পারেননি; ১২ বলে ১০ রান করে তিনিও আব্বাসের শিকার হন। পরে তাইজুল ইসলাম ২৩ বলে ১৭ রান করে বিদায় নেন।

তবে একপ্রান্ত আগলে রেখে ধৈর্যশীল ইনিংস খেলতে থাকেন মুশফিকুর রহিম। তার দৃঢ়তায় প্রথম সেশন শেষে বাংলাদেশ ৭ উইকেট হারিয়ে ৩৮০ রান সংগ্রহ করে। মুশফিকের এই ইনিংস শুধু দলের জন্য গুরুত্বপূর্ণ অবদানই নয়, বরং ব্যক্তিগত ক্যারিয়ারে আরেকটি মাইলফলক হিসেবে জায়গা করে নিল ইতিহাসের পাতায়।