টানা ৫ দিন বৃষ্টি নিয়ে আবহাওয়া অফিসের নতুন বার্তা


অনলাইন ডেস্ক প্রকাশের সময় : মে ৯, ২০২৬, ১২:১৩ অপরাহ্ণ
টানা ৫ দিন বৃষ্টি নিয়ে আবহাওয়া অফিসের নতুন বার্তা

টানা কয়েকদিনের বৃষ্টিপাতে দেশজুড়ে স্বস্তির আবহাওয়া বিরাজ করছে। তীব্র গরম ও রোদের দাপট কমে গিয়ে এখন দেশের বিভিন্ন এলাকায় তুলনামূলক শীতল ও মেঘলা পরিবেশ তৈরি হয়েছে। গত ২৪ ঘণ্টায় দেশে সর্বোচ্চ ৪১ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে।

আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, আগামী পাঁচ দিন দেশের বিভিন্ন অঞ্চলে বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। বিশেষ করে উত্তরাঞ্চলে বৃষ্টিপাতের প্রবণতা আরও বাড়তে পারে।

আবহাওয়াবিদ নাজমুল হক জানান, শনিবার (৯ মে) সন্ধ্যা ৬টা পর্যন্ত রংপুর, রাজশাহী, ঢাকা, খুলনা ও বরিশাল বিভাগের কিছু এলাকায় দমকা অথবা ঝোড়ো হাওয়াসহ বিদ্যুৎ চমকানোসহ বৃষ্টি হতে পারে। এরপর রোববার থেকে মঙ্গলবার সন্ধ্যা পর্যন্ত দেশের আটটি বিভাগ—রংপুর, রাজশাহী, ঢাকা, ময়মনসিংহ, খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট—এর দু–এক জায়গায় অস্থায়ীভাবে বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে।

এছাড়া আগামী বুধবার সন্ধ্যা ৬টা পর্যন্ত রংপুর, রাজশাহী ও ময়মনসিংহ বিভাগের অনেক এলাকায় এবং ঢাকা, খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের কিছু কিছু স্থানে ঝোড়ো হাওয়াসহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে বলে জানিয়েছে অধিদপ্তর। এ সময় উত্তরাঞ্চলে বৃষ্টির পরিমাণ আরও বাড়তে পারে বলেও পূর্বাভাসে উল্লেখ করা হয়েছে। গত ২৪ ঘণ্টায় দেশের সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ফেনীতে ৩৬ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস। একই সময়ে রাজধানী ঢাকায় সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩৫ ডিগ্রি সেলসিয়াস।

শুক্রবার দেশের সর্বোচ্চ বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে পঞ্চগড়ের তেঁতুলিয়ায়, ৪১ মিলিমিটার। এছাড়া রংপুরে ২০ মিলিমিটার, ফরিদপুরে ১৯ মিলিমিটার, চুয়াডাঙ্গায় ১৬ মিলিমিটার, সাতক্ষীরায় ১৪ মিলিমিটার এবং যশোরে ১২ মিলিমিটারসহ দেশের বিভিন্ন স্থানে মাঝারি বৃষ্টিপাত হয়েছে। আবহাওয়া অধিদপ্তর বলছে, চলমান এই বৃষ্টিপাতের ধারা আরও কয়েকদিন অব্যাহত থাকতে পারে।