জাপান সফর শেষে যা বললেন জামায়াত আমির


অনলাইন ডেস্ক প্রকাশের সময় : মে ৯, ২০২৬, ৫:০৮ অপরাহ্ণ
জাপান সফর শেষে যা বললেন জামায়াত আমির

বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান বলেছেন, বর্তমান সরকার অতিরিক্তভাবে রাজনীতিকরণে (পলিটিসাইজ) ব্যস্ত হয়ে পড়েছে, যার কারণে দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতির দিকে যথাযথ মনোযোগ দেওয়া সম্ভব হচ্ছে না। গাজীপুরে একই পরিবারের পাঁচজনকে হত্যাসহ সাম্প্রতিক বিভিন্ন হত্যাকাণ্ডের ঘটনাকে তিনি এর বাস্তব উদাহরণ হিসেবে উল্লেখ করেন।

শনিবার (৯ মে) সকালে সাত দিনের জাপান সফর শেষে দেশে ফিরে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন। ডা. শফিকুর রহমান বলেন, সরকার রাজনৈতিক কর্মকাণ্ডে বেশি মনোযোগী থাকায় জননিরাপত্তা বিঘ্নিত হচ্ছে। সাম্প্রতিক হত্যাকাণ্ডগুলোর তীব্র নিন্দা জানিয়ে তিনি বলেন, দ্রুত অপরাধীদের শনাক্ত করে বিচারের আওতায় আনতে হবে।

জাপান সফর প্রসঙ্গে জামায়াত আমির বলেন, জাপান বাংলাদেশকে নিয়ে আন্তরিকভাবে চিন্তা করে এবং দুই দেশের সহযোগিতা ভবিষ্যতে আরও ঘনিষ্ঠ হবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন। তিনি জানান, জাপানে অবস্থানরত প্রবাসীরা দেশে গণভোটের রায় ও ‘জুলাই সনদ’ বাস্তবায়নের দাবি জানিয়েছেন। প্রবাসীদের বক্তব্য উদ্ধৃত করে তিনি বলেন, এই সনদ বাস্তবায়নে কোনো ধরনের ‘ফাঁকিঝুঁকি’ চলবে না।

তিনি আরও বলেন, ‘জুলাই বিপ্লবে’ আহতদের সুচিকিৎসা নিশ্চিত করতে হবে এবং প্রয়োজনে বিদেশেও উন্নত চিকিৎসার ব্যবস্থা করা উচিত। এ বিষয়ে সরকারকে দ্রুত পদক্ষেপ নেওয়ার আহ্বান জানান তিনি।

পার্শ্ববর্তী দেশ ভারতের পশ্চিমবঙ্গ পরিস্থিতি ও সীমান্ত ইস্যু নিয়েও কথা বলেন ডা. শফিকুর রহমান। তিনি বলেন, পশ্চিমবঙ্গের রাজনৈতিক পরিস্থিতি তারা পর্যবেক্ষণ করছেন এবং সেখানে নিরীহ মানুষের ওপর কোনো ধরনের নির্যাতন না করার আহ্বান জানান। একই সঙ্গে সীমান্তে ‘পুশ-ইন’ চেষ্টার বিষয়েও গভীর নজর রাখা হচ্ছে বলে উল্লেখ করেন তিনি। বিমানবন্দরে পৌঁছালে জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় ও মহানগর পর্যায়ের বিভিন্ন নেতাকর্মী তাকে স্বাগত জানান।