জনপ্রিয় সিদ্ধান্তের পেছনে না ছুটে সঠিক ও ন্যায়সংগত সিদ্ধান্ত নেওয়ার জন্য বিচারকদের প্রতি আহ্বান জানিয়েছেন আইন, বিচার ও সংসদ বিষয়কমন্ত্রী মো. আসাদুজ্জামান। তিনি বলেন, বিচারকদের সবসময় নিজেদের চিন্তা ও চেতনায় স্বাধীন থেকে বিচারিক ক্ষমতা প্রয়োগ করতে হবে।
শনিবার (৯ মে) রাজধানীর বিচার প্রশাসন প্রশিক্ষণ ইনস্টিটিউটে বিচার বিভাগীয় কর্মকর্তাদের একটি ওরিয়েন্টেশন কোর্সের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
আইনমন্ত্রী বলেন, “আপনাদের যদি কোনো কথা বা দাবি থাকে, সুপ্রিম কোর্ট ও আমরা তা দেখব। তবে সবার কাছে আমার একটাই অনুরোধ—জনপ্রিয় সিদ্ধান্তের চেয়ে সঠিক সিদ্ধান্ত নেওয়ার চেষ্টা করবেন।”
তিনি আরও বলেন, দেশের বিচার ব্যবস্থার ওপর জনগণের আস্থা বৃদ্ধি করা অত্যন্ত গুরুত্বপূর্ণ। এজন্য বিচার বিভাগের প্রতি মানুষের বিশ্বাস ও ভরসা বাড়াতে হবে। তার ভাষায়, “আমরা চাই, বিচার বিভাগের ওপর মানুষের আস্থা আরও দৃঢ় হোক। প্রত্যেক মানুষের কাছে প্রধান বিচারপতির বাসভবন যেন তীর্থস্থানের মতো সম্মানের জায়গা হয়।” আইনমন্ত্রী সতর্ক করে বলেন, বিচার বিভাগ যেন মানুষের ক্ষোভ বা আক্রমণের কেন্দ্রবিন্দুতে পরিণত না হয়, সেটি নিশ্চিত করতে হবে।
অনুষ্ঠানে বিচার বিভাগের ঊর্ধ্বতন কর্মকর্তারাও উপস্থিত ছিলেন। তারা বিচারিক কার্যক্রমে স্বচ্ছতা, জবাবদিহিতা ও গতিশীলতা বজায় রাখার ওপর গুরুত্বারোপ করেন। বক্তারা মনে করেন, বিচারকদের পেশাগত স্বাধীনতা ও নৈতিক দায়িত্ব সঠিকভাবে প্রয়োগ করতে পারলে দেশের বিচারব্যবস্থার প্রতি সাধারণ মানুষের আস্থা আরও বাড়বে।
আপনার মতামত লিখুন :