ফলো-আপ চিকিৎসা ও স্বাস্থ্য পরীক্ষার জন্য রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন যুক্তরাজ্যের রাজধানী লন্ডনের উদ্দেশে ঢাকা ত্যাগ করেছেন। শনিবার (৯ মে) সকাল পৌনে ৮টার দিকে রাষ্ট্রপতিকে বহনকারী বিমান বাংলাদেশ এয়ারলাইনসের নিয়মিত বাণিজ্যিক ফ্লাইট (বিজি-২০১) হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর ছেড়ে যায়।
রাষ্ট্রপতির সফর উপলক্ষে বিমানবন্দরে তাকে বিদায় জানান আইনমন্ত্রী মো. আসাদুজ্জামান, ডিপ্লোমেটিক কোরের ডিন ইউসুফ এস ওয়াই রমাদান, ব্রিটিশ হাইকমিশনার সারাহ কুকসহ পররাষ্ট্র মন্ত্রণালয়, প্রধানমন্ত্রীর কার্যালয় ও রাষ্ট্রপতির কার্যালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তারা।
রাষ্ট্রপতির সঙ্গে এ সফরে রয়েছেন তার পরিবারের সদস্যরা, ব্যক্তিগত চিকিৎসক, স্টাফ নার্স এবং বঙ্গভবনের সংশ্লিষ্ট কর্মকর্তা-কর্মচারীরা। জানা গেছে, চিকিৎসকদের পরামর্শ অনুযায়ী যুক্তরাজ্যের একটি বিশেষায়িত হাসপাতালে রাষ্ট্রপতির প্রয়োজনীয় স্বাস্থ্য পরীক্ষা সম্পন্ন করা হবে। এটি মূলত তার পূর্ববর্তী চিকিৎসার ফলো-আপ কার্যক্রমের অংশ।
উল্লেখ্য, ২০২৩ সালের অক্টোবরে সিঙ্গাপুরে রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের কার্ডিয়াক বাইপাস সার্জারি সম্পন্ন হয়েছিল। এরপর থেকেই তিনি নিয়মিত চিকিৎসকদের পর্যবেক্ষণে রয়েছেন। চিকিৎসার ধারাবাহিকতায় এবার যুক্তরাজ্যে তার স্বাস্থ্য পরীক্ষা ও প্রয়োজনীয় মেডিকেল ফলো-আপ করা হবে।
রাষ্ট্রপতির কার্যালয় সূত্রে জানা গেছে, চিকিৎসা ও স্বাস্থ্য পরীক্ষা শেষে আগামী ১৮ মে দেশে ফেরার কথা রয়েছে রাষ্ট্রপতির।
আপনার মতামত লিখুন :