
ক্ষমতায় যাওয়ার জন্য কোনো জাতীয় সংকটকে ইস্যু করতে চান না বলে মন্তব্য করেছেন জামায়াতে ইসলামী বাংলাদেশের সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পারোয়ার।
শনিবার (৯ মে) দুপুরে ঠাকুরগাঁও মানব কল্যাণ পরিষদের হলরুমে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়কালে তিনি এ মন্তব্য করেন। এ সময় তিনি দেশের রাজনৈতিক পরিস্থিতি, সংস্কার প্রক্রিয়া ও বিভিন্ন দলীয় অবস্থান নিয়ে কথা বলেন।
মিয়া গোলাম পারোয়ার বলেন, বিএনপি ‘হ্যাঁ’ ভোট দিয়েছে। তার ভাষায়, ‘হ্যাঁ’ ভোট দেওয়ার অর্থ হলো নোট অব ডিসেন্টসহ সকল সংস্কারকে মেনে নেওয়া। কিন্তু তারা পরে সেই অবস্থান মানতে চান না, যা তার মতে মৌলিক কোনো পরিবর্তন আনবে না এবং কর্তৃত্ববাদী শাসন অব্যাহত রাখবে।
তিনি আরও বলেন, জ্বালানি সংকটের সময় জামায়াতে ইসলামীর আমির একটি প্রস্তাব দিয়েছিলেন—সরকার ও বিরোধীদল নিয়ে একটি যৌথ কমিটি গঠন করে আলোচনার মাধ্যমে সমস্যা সমাধান করা। সেই উদ্যোগে একটি বৈঠকও অনুষ্ঠিত হয়েছিল এবং আলোচনার মাধ্যমে সংকট কিছুটা প্রশমিত হয়েছে বলেও তিনি দাবি করেন।
তার মতে, এ ধরনের উদ্যোগ প্রমাণ করে যে জামায়াতে ইসলামী জাতীয় কোনো সংকট জিইয়ে রাখতে চায় না। বরং রাজনৈতিক লাভের জন্য কোনো সংকটকে ব্যবহার করার পক্ষেও তারা নয়। উন্নয়নের স্বার্থে সব পক্ষের মধ্যে সমঝোতা ও আলোচনার ওপর তারা গুরুত্ব দেয়।
এ সময় তিনি বলেন, দেশের স্বার্থে রাজনৈতিক দলগুলোর উচিত পারস্পরিক সহযোগিতার মাধ্যমে সমস্যা সমাধানে এগিয়ে আসা। মতবিনিময় সভায় আরও উপস্থিত ছিলেন জেলা জামায়াতের আমির বেলাল উদ্দিন প্রধান, জেলা ইমাম সমিতির সভাপতি ফজলে রাব্বিসহ স্থানীয় নেতারা। সভায় তারা দেশের সার্বিক পরিস্থিতি ও ভবিষ্যৎ রাজনৈতিক দিকনির্দেশনা নিয়ে আলোচনা করেন।
আপনার মতামত লিখুন :