আইপিএলে ‘রিল সংস্কৃতি’ বন্ধে বিসিসিআইয়ের কড়া নির্দেশনা


অনলাইন ডেস্ক প্রকাশের সময় : মে ৯, ২০২৬, ৫:৩৪ অপরাহ্ণ
আইপিএলে ‘রিল সংস্কৃতি’ বন্ধে বিসিসিআইয়ের কড়া নির্দেশনা

সামাজিক যোগাযোগমাধ্যমে ক্রমবর্ধমান ‘রিল সংস্কৃতি’ নিয়ন্ত্রণে এবার কঠোর অবস্থান নিয়েছে ভারতীয় ক্রিকেট বোর্ড (বিসিসিআই)। শুধু ক্রিকেটারই নন, তাদের পরিবারের সদস্য, সম্প্রচারকর্মী এবং আইপিএল ফ্র্যাঞ্চাইজির সঙ্গে যুক্ত কনটেন্ট নির্মাতাদের ওপরও বাড়ানো হয়েছে নজরদারি। নতুন নিয়ম অনুযায়ী, মাঠ বা দলীয় পরিবেশে ইচ্ছেমতো ভিডিও বা রিল তৈরি করা যাবে না।

ভারতীয় বিভিন্ন সংবাদমাধ্যমের প্রতিবেদনে বলা হয়েছে, দলগুলোর অভ্যন্তরীণ পরিবেশে অতিরিক্ত সোশ্যাল মিডিয়া কার্যক্রম নিয়ে উদ্বেগ প্রকাশ করেছে বিসিসিআই। বোর্ডের আশঙ্কা, অনানুষ্ঠানিক ভিডিও বা রিলের মাধ্যমে অসাবধানতাবশত গুরুত্বপূর্ণ ও সংবেদনশীল তথ্য ফাঁস হয়ে যেতে পারে।

চলতি আইপিএল মৌসুমে ইতোমধ্যে সম্প্রচার-সংশ্লিষ্ট কয়েকজন সাবেক ক্রিকেটারের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হয়েছে। বিসিসিআইয়ের একটি সূত্র জানায়, এক সাবেক আন্তর্জাতিক ক্রিকেটারকে ম্যাচ চলাকালে ডাগআউটের কাছে মোবাইলে ভিডিও ধারণ করতে দেখা যায়। পরে দ্রুত হস্তক্ষেপ করে তাকে রেকর্ডিং বন্ধ করতে বলা হয়।

এছাড়া নিজের ইউটিউব চ্যানেলের জন্য ভিডিও ধারণ করায় আরেক সাবেক ক্রিকেটারের বিরুদ্ধে আইনি নোটিশ দেওয়ার বিষয়টিও বিবেচনা করছে বোর্ড। বিসিসিআই স্পষ্টভাবে জানিয়েছে, আইপিএল বা বোর্ডের অফিসিয়াল পোশাক পরে মাঠ বা দলীয় এলাকায় কোনো ধরনের ব্যক্তিগত ভিডিও ধারণ করা যাবে না।

শুধু ক্রিকেটার বা ধারাভাষ্যকারই নন, খেলোয়াড়দের পরিবারের সদস্যদেরও টুর্নামেন্ট চলাকালে ছবি ও ভিডিও পোস্ট না করার পরামর্শ দেওয়া হয়েছে। একইসঙ্গে ফ্র্যাঞ্চাইজিগুলোকেও সতর্ক করা হয়েছে, যাতে তারা কনটেন্ট নির্মাতাদের দলীয় পরিবেশে অবাধ প্রবেশাধিকার না দেয়।

প্রতিবেদনে আরও বলা হয়েছে, এরই মধ্যে এক ভারতীয় ক্রিকেটারকে দলের সফর ও চলাচলসংক্রান্ত পোস্ট কমাতে নির্দেশ দেওয়া হয়েছে। এর আগে এক পেসারকেও সতর্ক করা হয়েছিল, কারণ তার স্ত্রীর প্রকাশিত একটি ভিডিওতে দলের আবাসন সংক্রান্ত তথ্য উঠে আসে। বিসিসিআইয়ের এই উদ্যোগকে আইপিএলের ভেতরের তথ্য, নিরাপত্তা এবং দলীয় গোপনীয়তা রক্ষার কড়া পদক্ষেপ হিসেবে দেখা হচ্ছে।