হাইকোর্টের আদেশ অমান্য করে জমিতে ভবন নির্মাণের অভিযোগ, সংবাদ সম্মেলনে বিচার দাবি


মিরান গাজী , মুকসুদপুর প্রতিনিধি: প্রকাশের সময় : মে ৮, ২০২৬, ৬:০৮ অপরাহ্ণ
হাইকোর্টের আদেশ অমান্য করে জমিতে ভবন নির্মাণের অভিযোগ, সংবাদ সম্মেলনে বিচার দাবি

গোপালগঞ্জের মুকসুদপুর উপজেলা পৌরসভার কমলাপুর এলাকায় হাইকোর্টের আদেশ অমান্য করে ক্রয়কৃত জমিতে জোরপূর্বক ভবন নির্মাণ ও দখলচেষ্টার অভিযোগ এনে সংবাদ সম্মেলন করেছেন গৌরী রানী দাস নামে এক নারী। শুক্রবার সকাল ১০টায় আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি প্রশাসনের জরুরি হস্তক্ষেপ কামনা করেন।

লিখিত বক্তব্যে গৌরী রানী দাস জানান, মুকসুদপুর পৌরসভার ৬০ নম্বর কমলাপুর মৌজার এসএ ৯১৫ নম্বর খতিয়ানের ২১৫৬ নম্বর দাগের ৫৯ শতাংশ জমির মধ্যে পুকুর ও ভিটা বাদে অবশিষ্ট ১০ শতাংশ জমি তিনি ২০১৬ সালের ১৩ এপ্রিল রেজিস্ট্রিকৃত ১৬৮৭ নম্বর দলিলের মাধ্যমে বৈধভাবে ক্রয় করেন। জমি ক্রয়ের পর থেকে তিনি ওই সম্পত্তির দখল বুঝে নিয়ে নিয়মিত ভোগদখলে রয়েছেন বলেও দাবি করেন।

তিনি অভিযোগ করেন, মৃত প্রসাদ দাস ওরফে খোকন দাসের মৃত্যুর পর তার ছেলে কৃষ্ণ দাস ও কৃষ্ণ গোপাল ওয়ারিশি সূত্রে জমির মালিকানা দাবি করে অবৈধভাবে জমি দখলের চেষ্টা চালিয়ে যাচ্ছেন। বৈধ দলিল উপেক্ষা করে তার দখলীয় জমির ওপর দাবি জানিয়ে জোরপূর্বক দখলের অপচেষ্টা করা হচ্ছে বলেও অভিযোগ করেন তিনি।

সংবাদ সম্মেলনে আরও বলা হয়, কয়েকজন ব্যক্তি মিলে ওই জমি বিক্রির চেষ্টা করছেন এবং হাইকোর্টের নির্দেশনা অমান্য করে জোরপূর্বক জমিতে প্রবেশ করে পাকা ভবন নির্মাণকাজ শুরু করেছেন। এর ফলে তিনি আর্থিক ও মানসিকভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছেন বলে উল্লেখ করেন।

গৌরী রানী দাস অভিযোগ করে বলেন, বিষয়টি নিয়ে একাধিকবার স্থানীয়ভাবে সমাধানের চেষ্টা করা হলেও কোনো প্রতিকার পাননি। বরং প্রতিপক্ষ আরও বেপরোয়া হয়ে উঠেছে।

এ ঘটনায় তিনি প্রশাসনের জরুরি হস্তক্ষেপ কামনা করে দোষীদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ এবং হাইকোর্টের আদেশ কার্যকর করার দাবি জানান।