শিক্ষাপ্রতিষ্ঠানে ঈদ ও গ্রীষ্মকালীন ছুটি কত দিন? 


অনলাইন ডেস্ক প্রকাশের সময় : মে ৮, ২০২৬, ৭:৫৪ অপরাহ্ণ
শিক্ষাপ্রতিষ্ঠানে ঈদ ও গ্রীষ্মকালীন ছুটি কত দিন? 

আসন্ন ঈদুল আজহা এবং গ্রীষ্মকালীন অবকাশ উপলক্ষে দেশের শিক্ষাপ্রতিষ্ঠানগুলোতে শুরু হতে যাচ্ছে দীর্ঘ ছুটি। ২০২৬ সালের সরকারি ছুটির তালিকা ও শিক্ষাপঞ্জি অনুযায়ী, স্কুল-কলেজে টানা ১৬ দিন এবং মাদ্রাসায় ২১ দিনের ছুটি থাকছে।

শিক্ষাপঞ্জি অনুযায়ী, দেশের প্রাথমিক, নিম্নমাধ্যমিক ও মাধ্যমিক বিদ্যালয়ে গ্রীষ্মকালীন অবকাশ ও ঈদের ছুটি শুরু হবে আগামী ২৪ মে থেকে। এই ছুটি চলবে ৪ জুন পর্যন্ত টানা ১২ দিন। এর সঙ্গে সাপ্তাহিক ছুটি যুক্ত হয়ে শিক্ষার্থীরা মোট ১৬ দিনের দীর্ঘ অবকাশ উপভোগ করতে পারবে।

কলেজ পর্যায়ে গ্রীষ্মকালীন অবকাশের আলাদা উল্লেখ না থাকলেও ঈদুল আজহা উপলক্ষে ১২ দিনের ছুটি নির্ধারণ করা হয়েছে। সাপ্তাহিক ছুটি যুক্ত হয়ে কলেজের শিক্ষার্থীরাও প্রায় ১৬ দিনের ছুটি পাবেন। অন্যদিকে, মাদ্রাসার শিক্ষার্থীদের জন্য ছুটির পরিমাণ আরও বেশি। ২৪ মে থেকে শুরু হওয়া এই ছুটি চলবে ১১ জুন পর্যন্ত। সাপ্তাহিক ছুটি মিলিয়ে মাদ্রাসায় মোট ২১ দিনের দীর্ঘ অবকাশ থাকছে।

এদিকে, সরকারি কর্মকর্তা-কর্মচারীদের জন্যও দীর্ঘ ছুটির সিদ্ধান্ত নেওয়া হয়েছে। সরকারের সর্বশেষ সিদ্ধান্ত অনুযায়ী, ঈদুল আজহা উপলক্ষে টানা সাত দিনের ছুটি থাকবে ২৫ মে থেকে ৩১ মে পর্যন্ত। তবে ছুটির সমন্বয়ের অংশ হিসেবে ২৩ মে সাপ্তাহিক ছুটির দিনেও অফিস করতে হবে।

জ্যোতির্বৈজ্ঞানিক হিসাব অনুযায়ী, মধ্যপ্রাচ্যে ২৭ মে পবিত্র ঈদুল আজহা পালিত হওয়ার সম্ভাবনা রয়েছে। ভৌগোলিক অবস্থানের কারণে বাংলাদেশে সাধারণত পরদিন ঈদ উদযাপিত হয়। সে অনুযায়ী ২৮ মে দেশে কোরবানির ঈদ হতে পারে বলে ধারণা করা হচ্ছে।

তবে চূড়ান্ত সিদ্ধান্ত নির্ভর করবে আগামী ১৮ মে চাঁদ দেখার ওপর। চাঁদ দেখা সাপেক্ষে ছুটির সময়সূচিতে সামান্য পরিবর্তন আসতে পারে বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা।