লালমনিরহাটে বিজিবির বিশেষ তৎপরতা: গাঁজাসহ এক নারী আটক


স্টাফ রিপোর্টার, চঞ্চল। প্রকাশের সময় : মে ৮, ২০২৬, ৬:৩৬ অপরাহ্ণ
লালমনিরহাটে বিজিবির বিশেষ তৎপরতা:  গাঁজাসহ এক নারী আটক

সীমান্তে মাদক পাচার রোধে লালমনিরহাট ব্যাটালিয়ন (১৫ বিজিবি) এর নিয়মিত অভিযানে এক নারী মাদক কারবারিকে আটক করা হয়েছে। আজ শুক্রবার (৮ মে) সকাল ১১টার দিকে লালমনিরহাট সদর উপজেলার সীমান্তবর্তী কর্নপুর এলাকা থেকে তাকে হাতেনাতে আটক করা হয়।

১৫ বিজিবি সূত্রে জানা গেছে, সীমান্ত দিয়ে মাদকের একটি চালান আসার গোপন সংবাদ পায় ব্যাটালিয়নের গোয়েন্দা শাখা। প্রাপ্ত তথ্যের ভিত্তিতে সদর উপজেলার কর্নপুর মাঠের পাড় নামক স্থানে কৌশলগত অবস্থান নেয় বিজিবির একটি বিশেষ টহল দল। অভিযান চলাকালীন সন্দেহভাজন এক নারীকে সীমান্ত এলাকা থেকে আসতে দেখে বিজিবি সদস্যরা তাকে থামার সংকেত দেন। এ সময় পালানোর চেষ্টা করলে ধাওয়া দিয়ে মোছাঃ রুবিনা খাতুন (৪০) নামের ওই নারীকে আটক করা হয়।

আটককৃত রুবিনা খাতুন কুড়িগ্রামের ফুলবাড়ী উপজেলার গোড়কমন্ডল গ্রামের বাসিন্দা। তল্লাশি চালিয়ে তার কাছ থেকে ২ কেজি ভারতীয় গাঁজা উদ্ধার করা হয়। ১৫ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মেহেদী ইমাম, পিএসসি জানান, জব্দকৃত মাদকের সিজার মূল্য প্রায় ৭ হাজার টাকা। আটক আসামিকে সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করে একটি মাদক মামলা দায়ের করা হয়েছে।

বিজিবি অধিনায়ক আরও বলেন, “সীমান্ত দিয়ে মাদক, চোরাচালান এবং মানব পাচার রোধে বিজিবি সবসময় কঠোর অবস্থানে রয়েছে। দেশের যুবসমাজকে মাদকের হাত থেকে রক্ষা করতে এবং চোরাচালানমুক্ত সীমান্ত গড়তে আমাদের এই ঝটিকা অভিযান ও টহল কার্যক্রম আগামীতেও অব্যাহত থাকবে।