“গ্লোবাল ক্লাইমেট স্ট্রাইক” উপলক্ষে জলবায়ু ন্যায়বিচার ও জীবাশ্ম জ্বালানিমুক্ত ভবিষ্যতের দাবিতে সাতক্ষীরায় অনুষ্ঠিত হয়েছে যুব-নেতৃত্বাধীন মানববন্ধন। শুক্রবার (৮ মে) সকালে সাতক্ষীরা প্রেসক্লাব-এর সামনে আয়োজিত এ কর্মসূচিতে শতাধিক তরুণ জলবায়ু কর্মী, বিভিন্ন প্ল্যাটফর্ম, নেটওয়ার্ক ও যুব সংগঠনের প্রতিনিধিরা অংশ নেন।
সাতক্ষীরা ইয়ুথ হাব-এর আয়োজনে এবং সিডো-এর বাস্তবায়নে, গ্লোবাল প্ল্যাটফর্ম বাংলাদেশ ও ActionAid Bangladesh-এর সহযোগিতায় মানববন্ধনটি অনুষ্ঠিত হয়। মানববন্ধনে বক্তারা বলেন, জলবায়ু পরিবর্তনের ভয়াবহ প্রভাব মোকাবিলায় জীবাশ্ম জ্বালানির ওপর নির্ভরতা কমিয়ে নবায়নযোগ্য জ্বালানিভিত্তিক ন্যায়সঙ্গত ও সমতাভিত্তিক বিশ্ব গড়ে তুলতে এখনই কার্যকর পদক্ষেপ গ্রহণ জরুরি।
এ সময় অংশগ্রহণকারীরা “জাস্ট ট্রানজিশন” বা ন্যায্য রূপান্তরের দাবিতে রঙিন ফেস্টুন, হাতে লেখা ব্যানার ও প্ল্যাকার্ড প্রদর্শন করেন। বিভিন্ন হ্যাশট্যাগ যেমন— #FossilFreeFuture, #JustTransitionNow, #FundOurFuture, #ClimateFinance এবং #ClimateJusticeNow তুলে ধরে জলবায়ু ন্যায়বিচারের দাবি জানানো হয়।
কর্মসূচির অন্যতম আকর্ষণ ছিল পরিত্যক্ত প্লাস্টিক বর্জ্য দিয়ে তৈরি দানবাকৃতির একটি প্রতিকৃতি, যা প্লাস্টিক দূষণ ও জীবাশ্ম জ্বালানিনির্ভর ভবিষ্যতের ভয়াবহতা প্রতীকীভাবে তুলে ধরে। এছাড়া অংশগ্রহণকারীরা মাস্ক পরে জীবাশ্ম জ্বালানির দীর্ঘমেয়াদি স্বাস্থ্যঝুঁকি নিয়ে প্রতীকী প্রদর্শনী করেন এবং সাধারণ মানুষকে নবায়নযোগ্য জ্বালানি ব্যবহারে উদ্বুদ্ধ করেন।
তরুণ জলবায়ু কর্মী রিপন হোসেন বলেন, “বাংলাদেশ বর্তমানে জীবাশ্ম জ্বালানির নিঃসরণজনিত বড় হুমকির মুখে রয়েছে। ভবিষ্যৎ প্রজন্মকে রক্ষায় এখনই কয়লা ও তেলের ওপর নির্ভরতা কমিয়ে নবায়নযোগ্য জ্বালানির দিকে এগোতে হবে।” আরেক কর্মী শাহনাজ পারভীন বলেন, “জলবায়ু পরিবর্তনের সবচেয়ে বেশি প্রভাব নারীদের ওপর পড়লেও তাদের কণ্ঠ সবচেয়ে কম শোনা হয়। তাই জলবায়ু ন্যায়বিচারে নারীর নেতৃত্ব নিশ্চিত করা জরুরি।”
সংহতি প্রকাশ করে স্বদেশ-এর নির্বাহী পরিচালক মাদব চন্দ্র দত্ত বলেন, “জ্বালানি ব্যবহারের সুযোগ একটি মৌলিক মানবাধিকার। পরিবেশগত স্থায়িত্ব নিশ্চিত করতে জীবাশ্ম জ্বালানি থেকে নবায়নযোগ্য জ্বালানিতে রূপান্তরের জন্য এখনই বিনিয়োগ বাড়াতে হবে।” আয়োজকরা জানান, জলবায়ু-ঝুঁকিপূর্ণ দেশ হিসেবে বাংলাদেশে প্রতিবছর একশনএইড বাংলাদেশের ‘ফান্ড আওয়ার ফিউচার’ ক্যাম্পেইনের আওতায় তরুণ জলবায়ু কর্মীদের সংগঠিত করা হচ্ছে।
আপনার মতামত লিখুন :