
কুষ্টিয়ার মিরপুর উপজেলা-এর পোড়াদহ ইউনিয়নে মাদক নির্মূলে কঠোর অবস্থান নিয়েছে পুলিশ। বৃহস্পতিবার (৭ মে) বিকেলে উপজেলার পোড়াদহ এলাকায় বিশেষ অভিযান চালিয়ে সাজাপ্রাপ্ত আসামিসহ মোট ৯ জনকে গ্রেপ্তার করেছে মিরপুর থানা পুলিশ।
পুলিশ জানায়, দেশব্যাপী চলমান মাদকবিরোধী অভিযানের অংশ হিসেবে এ যৌথ অভিযান পরিচালনা করা হয়। অভিযানের সময় বিভিন্ন বাড়িতে তল্লাশি চালানোর পাশাপাশি গুরুত্বপূর্ণ সড়কে চেকপোস্ট বসানো হয়। এ সময় গাঁজাসহ সাতজন মাদকসেবীকে আটক করা হয় এবং দুটি মোটরসাইকেল জব্দ করা হয়।
আটককৃতদের মধ্যে দুই বছরের সাজাপ্রাপ্ত এক ওয়ারেন্টভুক্ত আসামি এবং একটি মাদক মামলার নিয়মিত এক আসামিও রয়েছেন বলে জানিয়েছে পুলিশ।
মিরপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ শহিদুল ইসলাম শহিদ বলেন, আটক সাতজনকে ভ্রাম্যমাণ আদালতে পাঠানো হয়েছে এবং বাকি দুইজনকে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।
তিনি আরও জানান, মাদকমুক্ত সমাজ গড়তে উপজেলার প্রতিটি ইউনিয়নে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে। পুলিশের এমন উদ্যোগকে স্বাগত জানিয়েছেন স্থানীয় সচেতন মহল।
আপনার মতামত লিখুন :