মাদক পাচার রোধে একসঙ্গে কাজ করবে বাংলাদেশ ও পাকিস্তান


অনলাইন ডেস্ক প্রকাশের সময় : মে ৮, ২০২৬, ৭:৫০ অপরাহ্ণ
মাদক পাচার রোধে একসঙ্গে কাজ করবে বাংলাদেশ ও পাকিস্তান

মাদকদ্রব্য ও সাইকোট্রপিক উপাদানের অবৈধ পাচার এবং অপব্যবহার রোধে বাংলাদেশ ও পাকিস্তানের মধ্যে একটি সমঝোতা স্মারক সই হয়েছে। এই চুক্তির মাধ্যমে দুই দেশ মাদকবিরোধী সহযোগিতাকে আরও জোরদার করার অঙ্গীকার করেছে।

শুক্রবার (৮ মে) রাজধানীর একটি পাঁচতারকা হোটেলে আয়োজিত অনুষ্ঠানে বাংলাদেশের স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমেদ এবং পাকিস্তানের স্বরাষ্ট্রমন্ত্রী সৈয়দ মহসিন রাজা নাকভি নিজ নিজ দেশের পক্ষে এই সমঝোতা স্মারকে স্বাক্ষর করেন।

চুক্তির আওতায় দুই দেশ মাদক পাচার এবং এর সঙ্গে সংশ্লিষ্ট অর্থপাচার প্রতিরোধে পারস্পরিক তথ্য বিনিময় করবে। পাশাপাশি প্রয়োজন অনুযায়ী কারিগরি সহায়তা প্রদান এবং যৌথভাবে অপরাধ দমনে কাজ করার বিষয়ে সম্মত হয়েছে উভয় পক্ষ।

এছাড়া মাদক অপরাধে জড়িত সন্দেহভাজন ব্যক্তি, পাচারকারী চক্র এবং পাচারের নতুন কৌশল ও রুট সম্পর্কে নিয়মিত গোয়েন্দা তথ্য আদান-প্রদানের বিষয়েও চুক্তিতে উল্লেখ রয়েছে। যৌথভাবে ‘কন্ট্রোলড ডেলিভারি অপারেশন’সহ বিভিন্ন সমন্বিত অভিযান পরিচালনার বিষয়েও একমত হয়েছে দুই দেশ।

সমঝোতা স্মারকটি স্বাক্ষরের দিন থেকে আগামী ১০ বছরের জন্য কার্যকর থাকবে। পারস্পরিক সম্মতির ভিত্তিতে পরবর্তীতে এর মেয়াদ বৃদ্ধি করা যাবে।উভয় দেশের কর্মকর্তারা আশা প্রকাশ করেছেন, এই সহযোগিতার মাধ্যমে মাদকবিরোধী লড়াই আরও শক্তিশালী হবে এবং দুই দেশের জনগণের জনস্বাস্থ্য ও নিরাপত্তা নিশ্চিত করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।