পটুয়াখালীর দুমকি উপজেলা থানা পুলিশের বিশেষ অভিযানে ১০০ গ্রাম গাঁজাসহ দুই মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করা হয়েছে। বৃহস্পতিবার (৭ মে) সন্ধ্যায় উপজেলার লেবুখালী ইউনিয়নের সুলিজ ঘাট সংলগ্ন পাকা রাস্তা থেকে তাদের আটক করা হয়।
গ্রেপ্তারকৃতরা হলেন— পাংগাশিয়া ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডের মো. আশিক মোল্লা (২০), তিনি নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগ নেতা নিয়াজ মোর্শেদ ওরফে নিয়াজ মোল্লার ছেলে এবং ৮ নম্বর ওয়ার্ডের অহিদুজ্জামান ওরফে লাগিব মিনা (১৯), তিনি শাহাবুদ্দিন আহম্মেদ ওরফে সোহেল মিনার ছেলে। এ সময় পুলিশের উপস্থিতি টের পেয়ে তাদের সহযোগী আব্দুল্লাহ গাজী (৪০) পালিয়ে যান।
পুলিশ সূত্রে জানা যায়, দুমকি থানা পুলিশ-এর এসআই মো. সজিবের নেতৃত্বে একটি দল গোপন সংবাদের ভিত্তিতে লেবুখালী ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ডের সুলিজ ঘাট এলাকায় অভিযান চালায়। সন্ধ্যা ৬টার দিকে মাদক কেনাবেচার সময় পুলিশ ঘটনাস্থলে পৌঁছালে অভিযুক্তরা পালানোর চেষ্টা করেন।
এ সময় পুলিশ ধাওয়া করে আশিক মোল্লা ও লাগিব মিনাকে আটক করতে সক্ষম হলেও ধস্তাধস্তির এক পর্যায়ে আব্দুল্লাহ গাজী পালিয়ে যান। পরে সাক্ষীদের উপস্থিতিতে তল্লাশি চালিয়ে আশিক মোল্লার প্যান্টের পকেট থেকে ১০০ গ্রাম গাঁজা উদ্ধার করা হয়। উদ্ধারকৃত গাঁজার আনুমানিক বাজারমূল্য প্রায় ৫ হাজার টাকা বলে জানিয়েছে পুলিশ।
দুমকি থানার অফিসার ইনচার্জ (ওসি) জানান, এ ঘটনায় আটক দুই ব্যক্তি ও পলাতক আসামির বিরুদ্ধে ২০১৮ সালের মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের সংশ্লিষ্ট ধারায় মামলা (মামলা নং-০৪) দায়ের করা হয়েছে। পাশাপাশি পলাতক আসামিকে গ্রেপ্তারে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।
আপনার মতামত লিখুন :