নন্দীগ্রামে মাদক নির্মূলে প্রশাসনের পাশাপাশি সামাজিক সচেতনতা জরুরী: আলাউদ্দিন সরকার


শাহীন আলম সাজু, নন্দীগ্রাম বগুড়া প্রতিনিধি প্রকাশের সময় : মে ৮, ২০২৬, ৬:৪৮ অপরাহ্ণ
নন্দীগ্রামে মাদক নির্মূলে প্রশাসনের পাশাপাশি সামাজিক সচেতনতা জরুরী: আলাউদ্দিন সরকার

বগুড়ার নন্দীগ্রাম উপজেলা-এ মাদকের বিস্তার উদ্বেগজনকভাবে বেড়ে যাওয়ায় বিপাকে পড়েছে শত শত পরিবার। স্থানীয়দের অভিযোগ, মাদকের নেশায় আসক্ত হয়ে উপজেলার যুব ও ছাত্র সমাজ ধীরে ধীরে ধ্বংসের পথে যাচ্ছে।

এ পরিস্থিতিতে মাদক নির্মূলে সামাজিক ও পারিবারিক সচেতনতা গড়ে তোলার আহ্বান জানিয়েছেন উপজেলা বিএনপির সভাপতি আলাউদ্দিন সরকার। শুক্রবার (৮ মে) বিকেলে উপজেলার বুড়ইল এলাকায় নিজ কার্যালয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।

আলাউদ্দিন সরকার বলেন, “উপজেলা থেকে মাদক চিরতরে নির্মূল করতে হলে প্রশাসনের পাশাপাশি সামাজিক ও পারিবারিক সচেতনতা গড়ে তোলা একান্ত জরুরি। প্রতিটি গ্রাম-মহল্লায় ব্যক্তি উদ্যোগে সামাজিক প্রতিরোধ গড়ে তুলতে হবে এবং প্রশাসনকে সহযোগিতা করতে হবে। সমাজের মানুষ সচেতন না হলে কোনোভাবেই মাদক নির্মূল সম্ভব নয়।”

তিনি আরও বলেন, স্থানীয় সংসদ সদস্য মাদক ব্যবসায়ীদের ধরিয়ে দিলে পুরস্কারের ঘোষণা দিলেও অনেকেই সহযোগিতায় এগিয়ে আসছে না, যা দুঃখজনক। তার মতে, শুধু প্রশাসনের ওপর নির্ভর না করে সবাইকে একসঙ্গে এগিয়ে আসতে হবে।

পারিবারিক সচেতনতার ওপর গুরুত্ব দিয়ে তিনি বলেন, প্রতিটি অভিভাবকের উচিত সন্তান কোথায় যাচ্ছে, কার সঙ্গে মিশছে এবং কী করছে—এ বিষয়ে নজর রাখা। পাশাপাশি এলাকাভিত্তিক মাদক ব্যবসায়ীদের তথ্য পুলিশকে জানাতে হবে।

তিনি বলেন, “আমরা সবাই মিলে মাদকমুক্ত দেশ গড়তে চাই। সবার আগে বাংলাদেশ—এই স্লোগানকে বাস্তবে রূপ দিতে হলে সামাজিক ঐক্য গড়ে তুলতে হবে।” স্থানীয়দের মতে, মাদকের বিস্তার রোধে প্রশাসনের পাশাপাশি সামাজিক আন্দোলন জোরদার করা না গেলে পরিস্থিতি আরও ভয়াবহ হতে পারে।