২ কোটি লিটার সয়াবিন তেল কেনা হচ্ছে ইন্দোনেশিয়া থেকে, খরচ কত?


অনলাইন ডেস্ক প্রকাশের সময় : মে ৭, ২০২৬, ৭:৩৬ অপরাহ্ণ
২ কোটি লিটার সয়াবিন তেল কেনা হচ্ছে ইন্দোনেশিয়া থেকে, খরচ কত?

ট্রেডিং কর্পোরেশন অব বাংলাদেশ (টিসিবি)-এর ফ্যামিলি কার্ডধারী নিম্ন আয়ের পরিবারের মধ্যে ভর্তুকি মূল্যে বিক্রির জন্য ইন্দোনেশিয়া থেকে ২ কোটি লিটার পরিশোধিত সয়াবিন তেল আমদানির সিদ্ধান্ত নিয়েছে সরকার। এতে মোট ব্যয় ধরা হয়েছে ২৮২ কোটি টাকার বেশি।

বৃহস্পতিবার (৭ মে) অর্থমন্ত্রী আমীর খসরু মাহমুদ চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠিত সরকারি ক্রয় সংক্রান্ত মন্ত্রিসভা কমিটির বৈঠকে এ সিদ্ধান্তের অনুমোদন দেওয়া হয়। বাণিজ্য মন্ত্রণালয়ের আওতাধীন টিসিবি এই ক্রয় কার্যক্রম বাস্তবায়ন করবে।

উন্মুক্ত আন্তর্জাতিক দরপত্র পদ্ধতিতে এই তেল কেনা হচ্ছে। দরপত্র প্রক্রিয়ায় মোট দুটি দরপ্রস্তাব জমা পড়ে, যার মধ্যে একটি প্রস্তাব কারিগরি ও আর্থিকভাবে গ্রহণযোগ্য (রেসপনসিভ) হিসেবে বিবেচিত হয়। টেন্ডার ইভ্যালুয়েশন কমিটির সুপারিশ অনুযায়ী ইন্দোনেশিয়াভিত্তিক প্রতিষ্ঠান পিটি ট্রিনিটি ছায়া এনার্জিকে একমাত্র রেসপনসিভ দরদাতা হিসেবে নির্বাচন করা হয়েছে।

চুক্তি অনুযায়ী প্রতিষ্ঠানটি প্রতি লিটার সয়াবিন তেল ১ দশমিক ১৫১ মার্কিন ডলারে সরবরাহ করবে। মোট ২ কোটি লিটার তেলের জন্য ব্যয় দাঁড়াবে ২ কোটি ৩০ লাখ ২০ হাজার মার্কিন ডলার, যা বাংলাদেশি মুদ্রায় প্রায় ২৮২ কোটি ৫৭ লাখ টাকা। টিসিবির হিসাব অনুযায়ী, পরিবহনসহ অন্যান্য খরচ যুক্ত করে প্রতি লিটার সয়াবিন তেলের গড় খরচ পড়ছে ১৭৮ টাকা ৫৬ পয়সা। যা স্থানীয় বাজারমূল্য প্রায় ১৯৫ টাকার তুলনায় লিটারে প্রায় ১৬ টাকা ৪৪ পয়সা কম।

চলতি ২০২৫-২৬ অর্থবছরে মোট ২৩ কোটি লিটার ভোজ্যতেল ক্রয়ের লক্ষ্যমাত্রা নির্ধারণ করেছে টিসিবি। এর মধ্যে ইতোমধ্যে ১২ কোটি ১৬ লাখ ৭৯ হাজার লিটার তেল ক্রয় সম্পন্ন হয়েছে। সরকারের এই উদ্যোগের ফলে টিসিবির মাধ্যমে ভর্তুকি মূল্যে ভোজ্যতেল সরবরাহ অব্যাহত রাখা এবং নিম্ন আয়ের মানুষের বাজার ব্যয় কিছুটা কমানোর লক্ষ্য নেওয়া হয়েছে।