হজ নিয়ে ধর্ম মন্ত্রণালয়ের বিশেষ সতর্কবার্তা


অনলাইন ডেস্ক প্রকাশের সময় : মে ৭, ২০২৬, ৫:১৫ অপরাহ্ণ
হজ নিয়ে ধর্ম মন্ত্রণালয়ের বিশেষ সতর্কবার্তা

অনুমতি ছাড়া হজ পালন বা করার চেষ্টা করলে কঠোর শাস্তির মুখে পড়তে হবে বলে জানিয়েছে সৌদি আরব সরকার। অবৈধভাবে হজ পালনের ক্ষেত্রে সর্বোচ্চ ২০ হাজার সৌদি রিয়াল জরিমানা, বিদেশিদের ক্ষেত্রে দেশ থেকে বহিষ্কার এবং সর্বোচ্চ ১০ বছর পর্যন্ত সৌদি আরবে প্রবেশে নিষেধাজ্ঞা আরোপ করা হতে পারে।

বাংলাদেশি নাগরিকদের জন্য বিশেষ সতর্কবার্তা জারি করে সৌদি আরবের হজবিধি কঠোরভাবে মেনে চলার আহ্বান জানিয়েছে ধর্ম বিষয়ক মন্ত্রণালয়।বৃহস্পতিবার (৭ মে) ধর্ম বিষয়ক মন্ত্রণালয়ের এক বিজ্ঞপ্তিতে এ সতর্কতা জানানো হয়। এতে বলা হয়, বৈধ হজ পারমিট ছাড়া হজ পালন বা করার চেষ্টা করলে কেবল জরিমানাই নয়, বিদেশিদের ক্ষেত্রে বহিষ্কার ও দীর্ঘমেয়াদি ভিসা নিষেধাজ্ঞার মতো কঠোর শাস্তি কার্যকর করা হবে।

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, শুধু অবৈধভাবে হজ পালনের চেষ্টা নয়, এ কাজে সহযোগিতাকারীদের বিরুদ্ধেও কঠোর ব্যবস্থা নেওয়া হবে। অবৈধ হাজিদের পরিবহন, আবাসন বা অন্য কোনোভাবে সহায়তা করলে ব্যক্তি বা প্রতিষ্ঠানকে সর্বোচ্চ এক লাখ সৌদি রিয়াল পর্যন্ত জরিমানা গুনতে হতে পারে। অপরাধের মাত্রা ও সংশ্লিষ্ট ব্যক্তির সংখ্যার ভিত্তিতে জরিমানার পরিমাণ আরও বাড়তে পারে।

এ বিধান ট্রাভেল এজেন্সি, আবাসন সেবা প্রদানকারী, যানবাহনের মালিক এবং অবৈধ হাজিদের আশ্রয়দাতাদের ক্ষেত্রেও প্রযোজ্য হবে বলে জানানো হয়েছে। একই সঙ্গে অবৈধ কাজে ব্যবহৃত যানবাহন আইনগত প্রক্রিয়া শেষে জব্দ করার বিধানও রয়েছে।

সৌদি আরবের সংশোধিত নিয়ম অনুযায়ী, কেবল অনুমোদিত হজ পারমিটধারীরাই মক্কা ও নির্ধারিত পবিত্র স্থানে প্রবেশ করতে পারবেন। এই বিধান সৌদিতে অবস্থানরত বাসিন্দাসহ সব হজযাত্রীর জন্য প্রযোজ্য হবে। জিলকদ মাসের প্রথম দিন থেকে জিলহজের ১৪ তারিখ পর্যন্ত এ নিষেধাজ্ঞা কার্যকর থাকবে।

এ সময় ভিজিট ভিসাধারীরাও বৈধ হজ অনুমোদন ছাড়া মক্কায় প্রবেশ বা অবস্থান করতে পারবেন না। সৌদি স্বরাষ্ট্র মন্ত্রণালয় নাগরিক, বাসিন্দা এবং সব ধরনের ভিসাধারীকে এসব বিধি কঠোরভাবে মেনে চলার আহ্বান জানিয়েছে।

এছাড়া আইন লঙ্ঘনের তথ্য নির্ধারিত জরুরি নম্বরে জানানোর অনুরোধ করা হয়েছে। প্রধান অঞ্চলগুলোতে ৯১১ এবং অন্যান্য অঞ্চলে ৯৯৯ নম্বরে অভিযোগ জানানো যাবে। ধর্ম বিষয়ক মন্ত্রণালয় আরও জানায়, এরই মধ্যে সৌদি আইনপ্রয়োগকারী সংস্থাগুলো অভিযান শুরু করেছে। সম্প্রতি ভুয়া হজ পারমিট প্রচারের অভিযোগে মক্কায় একজনকে গ্রেপ্তারও করা হয়েছে।