
যশোরে অভিযান চালিয়ে ৩ কেজি ৪৮ গ্রাম ওজনের ২৬টি স্বর্ণের বারসহ তিন চোরাকারবারিকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। বৃহস্পতিবার ভোরে শহরের ঝুমঝুমপুর ব্রিজ এলাকা থেকে তাদের আটক করা হয়।
আটকরা হলেন যশোর সদরের বাগডাঙ্গা গ্রামের ইব্রাহিম সর্দারের ছেলে ইসরাইল, শার্শা উপজেলার রাজনগর গ্রামের জহির উদ্দিনের ছেলে রনি এবং চৌগাছা উপজেলার উত্তর কয়েরপাড়া গ্রামের ইসাকের ছেলে আব্দুল গনি।
বিজিবি জানায়, যশোর ব্যাটালিয়ন (৪৯ বিজিবি)-এর একটি বিশেষ টহল দল যশোর-নড়াইল মহাসড়কে অভিযান পরিচালনা করে। এ সময় নীলগঞ্জ ব্রিজ এলাকায় একটি প্রাইভেটকার (ঢাকা মেট্রো গ-২২-৭৯৩০) তল্লাশি করে বিশেষ কৌশলে লুকিয়ে রাখা ২৬টি স্বর্ণের বার উদ্ধার করা হয়। উদ্ধার হওয়া স্বর্ণের মোট ওজন ৩ কেজি ৪৮ গ্রাম এবং আনুমানিক বাজারমূল্য ৬ কোটি ৫৮ লাখ ৭০ হাজার ৮৬৭ টাকা।
এসময় স্বর্ণ পাচারের সঙ্গে জড়িত তিনজনকে আটক করা হয়। তাদের কাছ থেকে মোবাইল ফোন ও নগদ টাকাও জব্দ করা হয়েছে। জব্দ করা হয়েছে ব্যবহৃত প্রাইভেটকারটিও।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে আটক ব্যক্তিরা জানিয়েছেন, ঢাকার উত্তরা এলাকার আব্দুল্লাহপুর থেকে স্বর্ণের বার সংগ্রহ করে যশোর হয়ে চৌগাছা সীমান্ত দিয়ে ভারতে পাচারের উদ্দেশ্যে নিয়ে যাওয়া হচ্ছিল।
আটক ব্যক্তিদের বিরুদ্ধে কোতোয়ালি থানায় চোরাচালান দমন আইনে মামলা দায়ের করে পুলিশের কাছে সোপর্দ করা হয়েছে।
এ বিষয়ে যশোর ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল গোলাম মোহাম্মদ সাইফুল আলম খান বলেন, “সাম্প্রতিক সময়ে বাংলাদেশ থেকে ভারতে স্বর্ণ পাচারের প্রবণতা বেড়েছে। পাচার রোধে বিজিবির অভিযান অব্যাহত রয়েছে। এরই ধারাবাহিকতায় এই অভিযান পরিচালনা করে স্বর্ণসহ পাচারকারীদের আটক করা সম্ভব হয়েছে। সীমান্ত এলাকায় এ ধরনের অভিযান ভবিষ্যতেও চলবে।”
আপনার মতামত লিখুন :