
কোরবানির পশুর চামড়া সংরক্ষণে এবার গ্রাম ও উপজেলা পর্যায়ে বিনামূল্যে লবণ সরবরাহ করবে সরকার। চামড়া নষ্ট হওয়া রোধ এবং পরিবেশগত চাপ কমাতে এ উদ্যোগ নেওয়া হয়েছে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ।
তিনি বলেন, কোরবানির পর সংগ্রহ করা চামড়া গ্রাম ও উপজেলা পর্যায়ে অন্তত সাত দিন লবণ দিয়ে সংরক্ষণ করতে হবে। এ সময়ের মধ্যে কোনো চামড়া ঢাকায় আনা যাবে না। স্বরাষ্ট্রমন্ত্রীর মতে, এ ব্যবস্থা কার্যকর হলে রাজধানীর ট্যানারি এলাকার ইটিপি (এফ্লুয়েন্ট ট্রিটমেন্ট প্ল্যান্ট) ব্যবস্থার ওপর অতিরিক্ত চাপ কমবে। একই সঙ্গে সঠিকভাবে সংরক্ষণের মাধ্যমে বিপুল পরিমাণ চামড়া নষ্ট হওয়ার ঝুঁকিও হ্রাস পাবে।
তিনি আরও বলেন, চামড়া সংরক্ষণে যেন কোনো ধরনের সংকট তৈরি না হয়, সেজন্য সরকার প্রয়োজনীয় লবণ বিনামূল্যে সরবরাহ করবে। এতে প্রান্তিক পর্যায়ের ব্যবসায়ী ও সংগ্রহকারীরাও উপকৃত হবেন। বিএনপির মিডিয়া সেলের ফেসবুক পেইজে প্রকাশিত তথ্য অনুযায়ী, সরকার কোরবানির মৌসুমে চামড়ার সুষ্ঠু ব্যবস্থাপনা নিশ্চিত করতে বিভিন্ন পদক্ষেপ গ্রহণ করছে।
সংশ্লিষ্টরা মনে করছেন, সঠিকভাবে লবণ ব্যবহার করে চামড়া সংরক্ষণ করা গেলে এর মান ভালো থাকবে এবং আন্তর্জাতিক বাজারেও দেশের চামড়াশিল্প আরও প্রতিযোগিতামূলক অবস্থানে যেতে পারবে।
আপনার মতামত লিখুন :