ঢাকার সড়কে ট্রাফিক আইন ভাঙলে এখন থেকে এআই প্রযুক্তিনির্ভর সিসি ক্যামেরার মাধ্যমে স্বয়ংক্রিয়ভাবে মামলা দিচ্ছে ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি)। বৃহস্পতিবার সকাল থেকে ডিএমপির আওতাধীন এলাকায় এই ডিজিটাল প্রসিকিউশন ব্যবস্থা চালু হয়েছে।
নতুন এই ব্যবস্থায় ট্রাফিক আইন লঙ্ঘনের ঘটনা ক্যামেরায় ধরা পড়লেই ভিডিও ও স্থিরচিত্রের ভিত্তিতে স্বয়ংক্রিয়ভাবে মামলা তৈরি হবে। পরে সংশ্লিষ্ট গাড়ির মালিক ও চালকের ঠিকানায় ডাকযোগে নোটিশ পাঠানো হবে।
ডিএমপির ট্রাফিক বিভাগের অতিরিক্ত পুলিশ কমিশনার মো. আনিছুর রহমান জানিয়েছেন, সড়কে আইন অমান্য করলেই এখন থেকে অটো মামলা রেকর্ড হবে এবং নির্ধারিত জরিমানা পরিশোধ করতে হবে। ডিএমপি সূত্র জানিয়েছে, নির্ধারিত সময়ের মধ্যে জরিমানা পরিশোধ না করলে পরবর্তী ধাপে সমন বা গ্রেপ্তারি পরোয়ানা জারির প্রক্রিয়াও নেওয়া হতে পারে।
এর আগে ডিএমপি ভারপ্রাপ্ত কমিশনার স্বাক্ষরিত এক গণবিজ্ঞপ্তিতে বলা হয়, যানজট নিয়ন্ত্রণ ও ট্রাফিক ব্যবস্থার আধুনিকায়নের অংশ হিসেবে এই প্রযুক্তি চালু করা হয়েছে। রেজিস্ট্রেশনবিহীন বা ফিটনেসবিহীন যানবাহন, অবৈধ পার্কিং, লাল সিগন্যাল অমান্য, উল্টো পথে চলাচলসহ বিভিন্ন ধরনের ট্রাফিক অপরাধে ভিডিও ও ছবি প্রমাণ হিসেবে ব্যবহার করে মামলা দেওয়া হচ্ছে।
গণবিজ্ঞপ্তিতে আরও সতর্ক করা হয়েছে, সিসি ক্যামেরার নামে কোনো ধরনের আর্থিক লেনদেন বা ব্যক্তিগত তথ্য আদান-প্রদান না করতে। কোনো প্রতারণামূলক বার্তা পেলে নিকটস্থ থানায় যোগাযোগের পরামর্শ দিয়েছে পুলিশ।
ডিএমপি জানিয়েছে, রাজধানীর গুরুত্বপূর্ণ সিগন্যাল ও ক্রসিংগুলোতে ইতোমধ্যে এআই-সমর্থিত ক্যামেরা স্থাপন করা হয়েছে। এসব ক্যামেরা স্বয়ংক্রিয়ভাবে ট্রাফিক আইন ভঙ্গ শনাক্ত করে ডিজিটাল প্রসিকিউশন প্রক্রিয়া সম্পন্ন করছে।
আপনার মতামত লিখুন :