
হজযাত্রীদের মধ্যে যারা নিয়মিত বিশেষ ধরনের ওষুধ, বিশেষ করে নারকোটিক বা সাইকোট্রপিক উপাদানযুক্ত ওষুধ সেবন করেন, তাদের জন্য নতুন নিয়ম জারি করেছে সৌদি আরব সরকারের ফুড অ্যান্ড ড্রাগ অথরিটি (এসএফডিএ)। আসন্ন হজ মৌসুমকে সামনে রেখে এই নির্দেশনা প্রকাশ করা হয়েছে।
নতুন নিয়ম অনুযায়ী, কোনো হজযাত্রী তার সঙ্গে সর্বোচ্চ ৩০ দিনের প্রয়োজনীয় ওষুধ বহন করতে পারবেন। তবে এ ধরনের ওষুধ সঙ্গে রাখতে হলে আগাম ক্লিয়ারেন্স পারমিট বা ছাড়পত্র সংগ্রহ বাধ্যতামূলক করা হয়েছে।
এসএফডিএ জানিয়েছে, অনুমতি পেতে হজযাত্রীদের পাসপোর্টের কপি, গত ছয় মাসের মধ্যে ইস্যু করা বৈধ মেডিকেল প্রেসক্রিপশন বা চিকিৎসা-সংক্রান্ত রিপোর্ট এবং ওষুধের মোড়কের পরিষ্কার ছবি জমা দিতে হবে।
কর্তৃপক্ষ আরও জানিয়েছে, হজযাত্রীরা তাদের সৌদি আরবে অবস্থানের সময়কাল অথবা সর্বোচ্চ ৩০ দিনের মধ্যে যেটি কম হবে, সেই পরিমাণ ওষুধ বহন করতে পারবেন। অর্থাৎ, কেউ যদি ১৫ দিনের জন্য হজে যান, তাহলে তিনি সর্বোচ্চ ১৫ দিনের ওষুধ সঙ্গে নিতে পারবেন।
আবেদনকারীদের সৌদি কর্তৃপক্ষের ইলেকট্রনিক কন্ট্রোলড ড্রাগস সিস্টেমে (সিডিএস) ব্যক্তিগত অ্যাকাউন্ট খুলে অনলাইনে আবেদন করতে হবে। পাশাপাশি আবেদন জমার আগে একটি ইলেকট্রনিক ঘোষণাপত্র পূরণ করাও বাধ্যতামূলক করা হয়েছে।
সৌদি কর্তৃপক্ষ বলছে, পবিত্র হজ মৌসুমে স্বাস্থ্য সুরক্ষা নিশ্চিত করা এবং বিশেষ ওষুধের অপব্যবহার রোধ করতেই এই কঠোর নিয়ম চালু করা হয়েছে। একই সঙ্গে হজযাত্রীদের নিরাপত্তা নিশ্চিত করা এবং পুরো প্রক্রিয়াকে আরও স্বচ্ছ ও সহজতর করাও এই উদ্যোগের মূল উদ্দেশ্য।
আপনার মতামত লিখুন :