স্বচ্ছতার সঙ্গে হাওরের ক্ষতিগ্রস্ত কৃষকের তালিকা তৈরির নির্দেশ প্রধানমন্ত্রীর


অনলাইন ডেস্ক প্রকাশের সময় : মে ৭, ২০২৬, ৯:১৮ অপরাহ্ণ
স্বচ্ছতার সঙ্গে হাওরের ক্ষতিগ্রস্ত কৃষকের তালিকা তৈরির নির্দেশ প্রধানমন্ত্রীর

হাওর অঞ্চলে ভারী বর্ষণে ক্ষতিগ্রস্ত কৃষকদের সহায়তায় দ্রুত পদক্ষেপ নিতে সংশ্লিষ্টদের নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। একই সঙ্গে স্বচ্ছতা ও নির্ভুলতার সঙ্গে ক্ষতিগ্রস্ত কৃষকদের তালিকা প্রস্তুতের নির্দেশনাও দিয়েছেন তিনি।

বৃহস্পতিবার (৭ মে) বিকেলে বাংলাদেশ সচিবালয়-এ মন্ত্রিপরিষদ বিভাগে প্রধানমন্ত্রীর কার্যালয়ে অনুষ্ঠিত এক সভায় এ নির্দেশনা দেওয়া হয়। সভায় প্রধানমন্ত্রী বলেন, প্রকৃত ক্ষতিগ্রস্ত কৃষকদের চিহ্নিত করে একটি স্বচ্ছ ও নির্ভুল তালিকা প্রস্তুত করতে হবে। এই তালিকার ভিত্তিতেই আগামী তিন মাস ক্ষতিগ্রস্ত কৃষকদের আর্থিক সহায়তা দেওয়া হবে।

সভায় দ্রুত সময়ের মধ্যে কৃষকদের হাতে আর্থিক সহায়তা পৌঁছে দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়। পাশাপাশি অতিবৃষ্টি ও অকাল বন্যার কারণে কৃষকরা যাতে আরও ক্ষতির মুখে না পড়েন, সে বিষয়েও আলোচনা হয়। এ সময় ধান রোপণ ও ধান সংগ্রহের মৌসুম কিছুটা এগিয়ে আনার প্রস্তাবও উঠে আসে।সভায় উপস্থিত ছিলেন দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণমন্ত্রী আসাদুল হাবিব দুলু, কৃষি এবং মৎস্য ও প্রাণিসম্পদমন্ত্রী আমিনুর রশীদ ইয়াসিন

এ ছাড়া হাওরাঞ্চলের বিভিন্ন সংসদ সদস্যদের মধ্যে জাতীয় সংসদের ডেপুটি স্পিকার ব্যারিস্টার কায়সার কামাল, পাট ও বস্ত্র প্রতিমন্ত্রী শরীফুল আলম-সহ ড. ওসমান ফারুক, ফজলুর রহমান, লুৎফুজ্জামান বাবর, কামরুজ্জামান কামরুল, নুরুল ইসলাম, কলিম উদ্দিন মিলন ও মোহাম্মদ কয়সর আহমদ সভায় অংশ নেন। এর আগে গত ২৯ এপ্রিল জাতীয় সংসদে প্রধানমন্ত্রী তারেক রহমান জানিয়েছিলেন, হাওরাঞ্চলে ভারী বর্ষণে ক্ষতিগ্রস্ত কৃষকদের চিহ্নিত করে সরকারের পক্ষ থেকে তিন মাস সহায়তা দেওয়ার উদ্যোগ নেওয়া হবে।