সৌদি পৌঁছেছেন ৪৭ হাজার ৮৫২ বাংলাদেশি হজযাত্রী


অনলাইন ডেস্ক প্রকাশের সময় : মে ৭, ২০২৬, ১:১৪ অপরাহ্ণ
সৌদি পৌঁছেছেন ৪৭ হাজার ৮৫২ বাংলাদেশি হজযাত্রী

পবিত্র হজ পালনের উদ্দেশে বাংলাদেশ থেকে এখন পর্যন্ত ১২২টি হজ ফ্লাইটে মোট ৪৭ হাজার ৮৫২ জন হাজযাত্রী সৌদি আরবে পৌঁছেছেন। তাদের মধ্যে সরকারি ব্যবস্থাপনায় গেছেন ৪ হাজার ৭১ জন এবং বেসরকারি ব্যবস্থাপনায় গেছেন ৪৩ হাজার ৭৮১ জন। এখন পর্যন্ত হজে গিয়ে ১০ জন হাজী মারা গেছেন।

বৃহস্পতিবার (৭ মে) সকালে হজ সম্পর্কিত সর্বশেষ বুলেটিনে এসব তথ্য জানানো হয়েছে। বুলেটিন অনুযায়ী, মৃতদের মধ্যে ৮ জন মক্কায় এবং ২ জন মদিনায় মারা গেছেন। এদের মধ্যে ২ জন নারী হাজী রয়েছেন।

হজ বুলেটিনে আরও জানানো হয়, বিমান বাংলাদেশ এয়ারলাইনসের ৫৬টি ফ্লাইটে ২২ হাজার ৪৫৮ জন, সৌদি এয়ারলাইনসের ৪৫টি ফ্লাইটে ১৬ হাজার ৯০০ জন এবং ফ্লাইনাস এয়ারলাইনসের ২১টি ফ্লাইটে ৮ হাজার ৪৯৪ জন যাত্রী সৌদি আরবে পৌঁছেছেন।

চলতি বছর বাংলাদেশ থেকে মোট ৭৮ হাজার ৫০০ জন হজ পালনের অনুমতি পেয়েছেন। হজ কার্যক্রম পরিচালনা করছে ৬৬০টি এজেন্সি, যার মধ্যে ৩০টি প্রধান এবং ৬৩০টি সমন্বয়কারী এজেন্সি রয়েছে।

হজ অফিসের তথ্য অনুযায়ী, মোট হজযাত্রীর মধ্যে সরকারি ব্যবস্থাপনায় ৪ হাজার ৫৬৫ জন এবং বেসরকারি ব্যবস্থাপনায় ৭৩ হাজার ৯৩৫ জন হজ পালন করবেন।

উল্লেখ্য, গত ১৭ এপ্রিল রাত ১১টা ৫৭ মিনিটে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে ৪১৯ জন হজযাত্রী নিয়ে প্রথম হজ ফ্লাইট (বিজি৩০০১) জেদ্দার কিং আব্দুল আজিজ আন্তর্জাতিক বিমানবন্দরের উদ্দেশে যাত্রা শুরু করে।

চাঁদ দেখা সাপেক্ষে আগামী ২৬ মে সৌদি আরবে পবিত্র হজ অনুষ্ঠিত হবে বলে আশা করা হচ্ছে। হজ শেষ হওয়ার পর ৩০ মে থেকে ফিরতি ফ্লাইট শুরু হবে এবং আগামী ৩০ জুন শেষ ফ্লাইটের মাধ্যমে হজযাত্রীদের দেশে ফেরার কার্যক্রম শেষ হবে।