
চট্টগ্রামের সীতাকুণ্ডে অনুমোদন ছাড়া ঝুঁকিপূর্ণভাবে বিপুল পরিমাণ এলপিজি গ্যাস সিলিন্ডার মজুদের দায়ে এক ব্যবসায়ীকে এক লাখ টাকা জরিমানা করেছে উপজেলা প্রশাসন।
বৃহস্পতিবার (৭ মার্চ) সকাল ১১টায় উপজেলার বড় কুমিরা ঘাটঘর এলাকায় মোবাইল কোর্ট পরিচালনা করেন সীতাকুণ্ড উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. ফখরুল ইসলাম।
চট্টগ্রাম জেলা গোয়েন্দা সংস্থা এনএসআইয়ের গোপন তথ্যের ভিত্তিতে পরিচালিত এ অভিযানে দেখা যায়, “মেসার্স ইউনুস এন্টারপ্রাইজ” নামে একটি প্রতিষ্ঠানের মালিক সংশ্লিষ্ট কর্তৃপক্ষের অনুমোদন ছাড়াই একটি বসতবাড়ির নিচতলার গোডাউনে বিপুল পরিমাণ গ্যাস সিলিন্ডার মজুদ করে ব্যবসা পরিচালনা করছেন।
অভিযানে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন-২০০৯ এর ৫২ ধারায় প্রতিষ্ঠানটির মালিক মো. সিরাজুল ইসলামকে এক লাখ টাকা জরিমানা করা হয়।
উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. ফখরুল ইসলাম জানান, অভিযানে প্রায় এক হাজার গ্যাস সিলিন্ডার মজুদ অবস্থায় পাওয়া গেছে। তবে এ সংক্রান্ত প্রয়োজনীয় অনুমোদন ওই ব্যবসায়ীর ছিল না। এছাড়া তার যে অনুমোদন রয়েছে, সেটিও এই স্থানের জন্য প্রযোজ্য নয়।
তিনি আরও জানান, ঝুঁকিপূর্ণ ওই গোডাউন থেকে আগামী এক সপ্তাহের মধ্যে সব গ্যাস সিলিন্ডার সরিয়ে নেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। আইন লঙ্ঘন ও জননিরাপত্তা বিঘ্নিত হয় এমন যেকোনো কর্মকাণ্ডের বিরুদ্ধে ভবিষ্যতেও অভিযান অব্যাহত থাকবে বলেও জানান তিনি। অভিযানে জেলা এনএসআইয়ের প্রতিনিধি ও সীতাকুণ্ড মডেল থানা পুলিশের সদস্যরা সহযোগিতা করেন।
আপনার মতামত লিখুন :