
সাংবাদিক দম্পতি সাগর সারোয়ার ও মেহেরুন রুনি হত্যা মামলার তদন্ত প্রতিবেদন দাখিলের তারিখ আবারও পিছিয়েছে। নতুন করে আগামী ১৮ জুন প্রতিবেদন দাখিলের তারিখ নির্ধারণ করেছেন আদালত। এ নিয়ে মামলাটির তদন্ত প্রতিবেদন জমার তারিখ ১২৬ বার পিছানো হলো।
বৃহস্পতিবার (৭ মে) প্রতিবেদন দাখিলের জন্য নির্ধারিত দিন থাকলেও তদন্ত সংস্থা আদালতে প্রতিবেদন জমা দিতে পারেনি। পরে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আরিফুল ইসলাম নতুন এই তারিখ নির্ধারণ করেন। মিরপুর মডেল থানার আদালতের সাধারণ নিবন্ধন শাখার কর্মকর্তা পুলিশ উপ-পরিদর্শক রফিকুল ইসলাম রাসেল বিষয়টি নিশ্চিত করেছেন।
উল্লেখ্য, ২০১২ সালের ১১ ফেব্রুয়ারি রাজধানীর পশ্চিম রাজাবাজারের ভাড়া বাসায় খুন হন মাছরাঙা টেলিভিশনের বার্তা সম্পাদক সাগর সারোয়ার এবং এটিএন বাংলার জ্যেষ্ঠ প্রতিবেদক মেহেরুন রুনি। এ ঘটনায় নিহত রুনির ভাই নওশের আলম রোমান শেরেবাংলা নগর থানায় হত্যা মামলা দায়ের করেন।
দীর্ঘদিন ধরে আলোচিত এই মামলার তদন্ত বিভিন্ন পর্যায়ে একাধিকবার হস্তান্তর করা হয়। সর্বশেষ ২০২৪ সালের ৩০ সেপ্টেম্বর হাইকোর্ট মামলার তদন্ত র্যাব থেকে সরিয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের মাধ্যমে গঠিত উচ্চক্ষমতাসম্পন্ন টাস্কফোর্সকে দায়িত্ব দেয়। একই সঙ্গে ছয় মাসের মধ্যে তদন্ত প্রতিবেদন দাখিলের নির্দেশ দেওয়া হয়। তবে নির্ধারিত সময়ের মধ্যে কোনো প্রতিবেদন দাখিল না হওয়ায় রাষ্ট্রপক্ষ আরও সময় চায়। পরে আদালত কয়েক দফায় সময় বাড়ালেও এখনো তদন্ত শেষ হয়নি।
এর আগে গত ২৩ অক্টোবর মামলার তদন্ত শেষ করতে বিভিন্ন সংস্থার অভিজ্ঞদের সমন্বয়ে গঠিত টাস্কফোর্সকে আরও ছয় মাস সময় দেয় হাইকোর্ট। পরবর্তীতে গত ২৬ এপ্রিল আবারও ছয় মাস সময় বাড়ানো হয়। দীর্ঘ ১২ বছরের বেশি সময়েও তদন্ত শেষ না হওয়ায় মামলাটি ঘিরে জনমনে প্রশ্ন ও ক্ষোভ বাড়ছে। বিচারপ্রক্রিয়ার অগ্রগতি নিয়ে সংশ্লিষ্টদের কাছেও রয়েছে গভীর অনিশ্চয়তা।
আপনার মতামত লিখুন :