সমাজকল্যাণমন্ত্রী ডা. এজেডএম জাহিদ হোসেনের মায়ের দাফন সম্পন্ন


অনলাইন ডেস্ক প্রকাশের সময় : মে ৭, ২০২৬, ১১:৫৮ পূর্বাহ্ণ
সমাজকল্যাণমন্ত্রী ডা. এজেডএম জাহিদ হোসেনের মায়ের দাফন সম্পন্ন

বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও সমাজকল্যাণ মন্ত্রী ডা. এজেডএম জাহিদ হোসেনের মা বেগম জেবুন নেসার দাফন সম্পন্ন হয়েছে। বুধবার (৬ মে) বিকাল পৌনে ৬টার দিকে ময়মনসিংহ নগরীর গোলকীবাড়ী কবরস্থানে তাকে দাফন করা হয়। সেখানে তার প্রয়াত স্বামীর পাশেই চিরনিদ্রায় শায়িত করা হয় মরহুমাকে।

দাফন শেষে মরহুমার রুহের মাগফেরাত কামনায় বিশেষ মোনাজাত অনুষ্ঠিত হয়। এর আগে নগরীর আঞ্জুমান ঈদগাহ মাঠে আছরের নামাজের পর তার জানাজার নামাজ অনুষ্ঠিত হয়। জানাজায় বিপুলসংখ্যক মুসল্লি অংশ নেন।

জানাজায় উপস্থিত মুসল্লিদের উদ্দেশে কান্নাজড়িত কণ্ঠে মায়ের জন্য দোয়া কামনা করেন ডা. এজেডএম জাহিদ হোসেন। বিএনপির মিডিয়া সেলের ফেসবুক পেজে এ তথ্য জানানো হয়েছে।

জানাজায় উপস্থিত ছিলেন ময়মনসিংহ-৪ (সদর) আসনের সংসদ সদস্য আবু ওয়াহাব আকন্দ ওয়াহিদ, ময়মনসিংহ-১১ (ভালুকা) আসনের সংসদ সদস্য ফখরুদ্দিন আহম্মেদ বাচ্চু, ময়মনসিংহ-৬ (ফুলবাড়ীয়া) আসনের সংসদ সদস্য কামরুল হাসান মিলন, ময়মনসিংহ সিটি করপোরেশনের প্রশাসক মো. রুকুনোজ্জামান রোকনসহ বিএনপি ও এর অঙ্গসংগঠনের নেতাকর্মীরা।

এছাড়াও মহানগর বিএনপির আহ্বায়ক অধ্যাপক একেএম শফিকুল ইসলাম, উত্তর জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক মোতাহার হোসেন তালুকদার, দক্ষিণ জেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক আলমগীর মাহমুদ আলম, মহানগর বিএনপির যুগ্ম আহ্বায়ক অধ্যাপক শেখ আমজাদ আলী, কাজী রানা, অ্যাডভোকেট এম এ হান্নান খান, লিটন আকন্দ ও একেএম মাহাবুবুল আলমসহ বিভিন্ন সামাজিক, রাজনৈতিক ও সাংস্কৃতিক সংগঠনের নেতারাও উপস্থিত ছিলেন।

এর আগে বুধবার ভোর ৫টা ৩৮ মিনিটে রাজধানীর এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন বেগম জেবুন নেসা। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৮৩ বছর। তিনি দুই ছেলে, দুই মেয়ে, নাতি-নাতনিসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।

তার মৃত্যুতে প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারম্যান তারেক রহমান, বিএনপি মহাসচিব ও স্থানীয় সরকার মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীরসহ মন্ত্রিপরিষদের সদস্যরা গভীর শোক প্রকাশ করেছেন।