
চলতি মে মাসের প্রথম ছয় দিনেই দেশে প্রবাসী আয়ের (রেমিট্যান্স) শক্তিশালী প্রবাহ অব্যাহত রয়েছে। এই সময়ে দেশে এসেছে ৭৫ কোটি ২০ লাখ মার্কিন ডলার রেমিট্যান্স। বাংলাদেশ ব্যাংকের তথ্য অনুযায়ী, এতে প্রতিদিন গড়ে দেশে এসেছে প্রায় ১২ কোটি ৫৩ লাখ ডলার।
বৃহস্পতিবার (৭ মে) বাংলাদেশ ব্যাংকের মুখপাত্র আরিফ হোসেন খান এ তথ্য নিশ্চিত করেন। তিনি জানান, গত বছরের একই সময়ে রেমিট্যান্স প্রবাহ ছিল ৬২ কোটি ৫০ লাখ ডলার। অর্থাৎ এক বছরের ব্যবধানে উল্লেখযোগ্য বৃদ্ধি দেখা গেছে।
বাংলাদেশ ব্যাংকের তথ্য অনুযায়ী, চলতি অর্থবছরের জুলাই থেকে ৬ মে পর্যন্ত দেশে মোট রেমিট্যান্স এসেছে ৩ হাজার ৮ কোটি ৫০ লাখ ডলার। এই সময়ে গত বছরের তুলনায় রেমিট্যান্স প্রবাহ বেড়েছে ১৯ দশমিক ৬০ শতাংশ, যা সামগ্রিকভাবে বৈদেশিক মুদ্রা প্রবাহে ইতিবাচক ধারার ইঙ্গিত দিচ্ছে।
এর আগে ২০২৫ সালের এপ্রিল মাসে দেশে এসেছে ৩১২ কোটি ৭৩ লাখ ডলার রেমিট্যান্স। মার্চ মাসে এ অঙ্ক ছিল ৩৭৫ কোটি ৫০ লাখ ৫০ হাজার ডলার, যা দেশের ইতিহাসে একক মাস হিসেবে সর্বোচ্চ রেমিট্যান্স প্রবাহ হিসেবে রেকর্ড গড়ে।
চলতি বছরের জানুয়ারি ও ফেব্রুয়ারিতে যথাক্রমে ৩১৭ কোটি ৯ লাখ ৪০ হাজার এবং ৩০২ কোটি ৭ লাখ ৬০ হাজার ডলার রেমিট্যান্স আসে। এছাড়া ডিসেম্বর মাসে আসে ৩২২ কোটি ৬৭ লাখ ডলার, নভেম্বর মাসে ২৮৮ কোটি ৯৫ লাখ ২০ হাজার ডলার। অন্যদিকে অক্টোবর ও সেপ্টেম্বর মাসে আসে যথাক্রমে ২৫৬ কোটি ৩৪ লাখ ৮০ হাজার এবং ২৬৮ কোটি ৫৮ লাখ ৮০ হাজার ডলার। আগস্ট ও জুলাই মাসে রেমিট্যান্স প্রবাহ ছিল যথাক্রমে ২৪২ কোটি ১৮ লাখ ৯০ হাজার এবং ২৪৭ কোটি ৮০ লাখ ডলার।
এদিকে বাংলাদেশ ব্যাংকের তথ্যে আরও বলা হয়, ২০২৪–২৫ অর্থবছরে দেশে মোট রেমিট্যান্স এসেছে ৩০ দশমিক ৩২ বিলিয়ন বা ৩ হাজার ৩২ কোটি ৮০ লাখ ডলার, যা দেশের ইতিহাসে এক অর্থবছরে সর্বোচ্চ রেমিট্যান্স আয়ের নতুন রেকর্ড। বিশ্লেষকদের মতে, প্রবাসী আয় বৃদ্ধি দেশের বৈদেশিক মুদ্রার রিজার্ভ স্থিতিশীল রাখতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে এবং সামগ্রিক অর্থনীতির জন্য এটি ইতিবাচক সংকেত।
আপনার মতামত লিখুন :