
লক্ষ্মীপুরের রায়পুরে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে একটি মন্তব্যকে কেন্দ্র করে মসজিদের ইমাম হাফেজ আবু সায়েমের ওপর হামলার অভিযোগ উঠেছে। এ ঘটনার প্রতিবাদে অভিযুক্তদের দ্রুত গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে মানববন্ধন করেছে রায়পুর ইমাম-মুয়াজ্জিন ঐক্য পরিষদ।
বৃহস্পতিবার (৭ মে ২০২৬) সকাল ১১টায় শহীদ ওসমান চত্বরে আয়োজিত মানববন্ধনে উপজেলার বিভিন্ন মসজিদের ইমাম, মুয়াজ্জিন, আলেম-ওলামা ও মুসল্লিরা অংশ নেন।
মানববন্ধনে বক্তব্য রাখেন রায়পুর ইমাম-মুয়াজ্জিন ঐক্য পরিষদের সদস্য সচিব মাওলানা শাহাবুদ্দিন। তিনি বলেন, ফেসবুকে মন্তব্য করাকে কেন্দ্র করে ইমাম আবু সায়েমের ওপর যে হামলার ঘটনা ঘটেছে, তা অত্যন্ত ন্যক্কারজনক। সুষ্ঠু তদন্তের মাধ্যমে জড়িতদের দ্রুত আইনের আওতায় এনে বিচার নিশ্চিত করার দাবি জানান তিনি। তিনি আরও বলেন, মা মনি হসপিটালের এমডি অভি সঞ্জয়কে দ্রুত গ্রেপ্তার করে আইনের আওতায় আনতে হবে এবং ভবিষ্যতে এ ধরনের ঘটনার পুনরাবৃত্তি ঠেকাতে প্রশাসনকে কঠোর ভূমিকা পালন করতে হবে।
এসময় বক্তব্য দেন শানে সাহাবা জাতীয় খতীব ফাউন্ডেশন রায়পুর উপজেলা শাখার সাংস্কৃতিক সম্পাদক আব্দুল আহাদ মামুন, প্রচার সম্পাদক জাফর আহমাদ এবং ইমাম-মুয়াজ্জিন ঐক্য পরিষদের সদস্য হাফেজ আরিফ হোসেন মিঝি।
বক্তারা বলেন, ধর্মীয় ব্যক্তিত্বদের ওপর হামলার ঘটনা কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। ঘটনার সুষ্ঠু বিচার না হলে জনমনে ক্ষোভ আরও বাড়বে বলেও তারা মন্তব্য করেন।
আপনার মতামত লিখুন :