রাজধানীতে বিদ্যুতের লোড কমাতে সব বাসায় সোলার প্যানেল স্থাপনের উদ্যোগ নিয়েছে সরকার। বিদ্যুতের বিকল্প ও ব্যাকআপ ব্যবস্থা জোরদার করতে খুব শিগগিরই এ বিষয়ে নতুন নীতিমালা প্রণয়ন করা হবে বলে জানিয়েছেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রী ইকবাল হাসান মাহমুদ।
বৃহস্পতিবার (৭ মে) রাজধানীর বাংলাদেশ-চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে আয়োজিত তিন দিনব্যাপী বিদ্যুৎ, জ্বালানি ও নির্মাণ সরঞ্জাম বিষয়ক বিআইআইডি এক্সপোর উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। মন্ত্রী বলেন, দেশের বিদ্যুৎ ব্যবস্থাকে আরও স্থিতিশীল ও টেকসই করতে নবায়নযোগ্য জ্বালানির ব্যবহার বাড়ানোর বিকল্প নেই। বিশেষ করে রাজধানীতে বিদ্যুতের চাপ কমাতে আবাসিক পর্যায়ে সোলার প্যানেল স্থাপনের উদ্যোগ নেওয়া হচ্ছে।
তিনি জানান, সোলার পাওয়ারকে সহজলভ্য করতে আগামী জুন মাসের মধ্যে সরকারি আদেশ জারির মাধ্যমে নতুন নীতিমালা প্রণয়ন করা হবে। এতে সাধারণ মানুষও সহজে সোলার ব্যবস্থার আওতায় আসতে পারবেন। ইকবাল হাসান মাহমুদ বলেন, অতীতে সঠিক নেতৃত্ব ও কার্যকর পরিকল্পনার অভাবে দেশে ব্যাপকভাবে সোলার বিদ্যুৎ ব্যবস্থার সম্প্রসারণ সম্ভব হয়নি। তবে বর্তমান সরকার নবায়নযোগ্য জ্বালানিকে গুরুত্ব দিয়ে কাজ করছে।
তিনি আরও বলেন, সরকার বিশেষভাবে সোলার ও উইন্ড এনার্জির উন্নয়নে গুরুত্ব দিতে চায়, যাতে ভবিষ্যতে বিদ্যুতের ওপর চাপ কমানো এবং জ্বালানি নিরাপত্তা নিশ্চিত করা যায়। মন্ত্রী জানান, বর্তমানে বিদ্যুতের দাম বাড়ানো হয়নি এবং জনগণের ওপর অতিরিক্ত চাপ না দিয়ে দীর্ঘমেয়াদি জ্বালানি সমাধানের দিকেই সরকার মনোযোগ দিচ্ছে।
সংশ্লিষ্টরা মনে করছেন, রাজধানীর আবাসিক ভবনগুলোতে সোলার প্যানেল স্থাপন কার্যকরভাবে বাস্তবায়িত হলে জাতীয় গ্রিডের ওপর চাপ কমবে এবং বিদ্যুৎ সাশ্রয়ের পাশাপাশি পরিবেশবান্ধব জ্বালানির ব্যবহারও বৃদ্ধি পাবে।
আপনার মতামত লিখুন :