রাজধানীতে লক্কড়-ঝক্কড় যানবাহনের বিরুদ্ধে অভিযানের ঘোষণা


অনলাইন ডেস্ক প্রকাশের সময় : মে ৭, ২০২৬, ৬:২২ অপরাহ্ণ
রাজধানীতে লক্কড়-ঝক্কড় যানবাহনের বিরুদ্ধে অভিযানের ঘোষণা

ঢাকা মহানগরে ইকোনমিক লাইফ অতিক্রান্ত, লক্কড়-ঝক্কড় ও ঝুঁকিপূর্ণ যানবাহনের চলাচল বন্ধে বিশেষ অভিযান পরিচালনার ঘোষণা দিয়েছে ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি)। এসব অনুপযোগী যানবাহন চলাচল করলে জরিমানা, ডাম্পিংসহ কঠোর আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছে সংস্থাটি।

ডিএমপির ট্রাফিক বিভাগ জানিয়েছে, পুরোনো ও ঝুঁকিপূর্ণ কিছু বাস এবং পণ্যবাহী যানবাহন বর্তমানে ঢাকা মহানগরে চলাচল করছে, যা প্রায়ই সড়ক, ফ্লাইওভার ও সেতুর ওপর বিকল হয়ে যানজট সৃষ্টি করছে। এতে জনদুর্ভোগ বাড়ছে এবং সড়ক নিরাপত্তা মারাত্মকভাবে বিঘ্নিত হচ্ছে।

এ বিষয়ে ডিএমপির ভারপ্রাপ্ত কমিশনার মো. সরওয়ার সই করা এক গণবিজ্ঞপ্তিতে বলা হয়, জনসাধারণের নিরাপদ ও নির্বিঘ্ন চলাচল নিশ্চিত করতে ঢাকা মহানগরীতে ইকোনমিক লাইফ অতিক্রান্ত যানবাহনের বিরুদ্ধে নিয়মিত অভিযান পরিচালনা করা হবে।

বিজ্ঞপ্তিতে আরও উল্লেখ করা হয়, এসব অভিযানে ট্রাফিক পুলিশ ও নির্বাহী ম্যাজিস্ট্রেটরা সমন্বিতভাবে অংশ নেবেন। আইন ভঙ্গকারীদের বিরুদ্ধে জরিমানা আরোপের পাশাপাশি প্রয়োজন হলে যানবাহন ডাম্পিংয়ের ব্যবস্থাও নেওয়া হবে।

বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষ (বিআরটিএ)-এর ২০২৩ সালের ১৭ মে জারি করা প্রজ্ঞাপন অনুযায়ী, বাস ও মিনিবাসের ক্ষেত্রে ২০ বছর এবং ট্রাক, কাভার্ডভ্যানসহ অন্যান্য মালবাহী যানবাহনের ক্ষেত্রে ২৫ বছরকে ইকোনমিক লাইফ হিসেবে নির্ধারণ করা হয়েছে।

ডিএমপি জানিয়েছে, নির্ধারিত সময়সীমা অতিক্রম করা কোনো যানবাহন ঢাকা মহানগরে চলাচল করলে বিশেষ অভিযান চালিয়ে আইনগত ব্যবস্থা নেওয়া হবে। এছাড়া যানবাহন মালিক, চালক ও সংশ্লিষ্ট সবাইকে মেয়াদোত্তীর্ণ ও ঝুঁকিপূর্ণ যানবাহন রাস্তায় না নামানোর অনুরোধ জানিয়েছে ডিএমপি।