যেভাবে শুভেন্দুর সহকারীকে হত্যা করা হয়


অনলাইন ডেস্ক প্রকাশের সময় : মে ৭, ২০২৬, ৩:২৭ অপরাহ্ণ
যেভাবে শুভেন্দুর সহকারীকে হত্যা করা হয়

পশ্চিমবঙ্গের উত্তর ২৪ পরগনার মধ্যমগ্রামে ভারতীয় জনতা পার্টির (বিজেপি) নেতা শুভেন্দু অধিকারী–এর ব্যক্তিগত সহকারী চন্দ্রনাথ রথকে গুলি করে হত্যা করা হয়েছে বলে স্থানীয় সংবাদমাধ্যম ও পুলিশ সূত্রে জানা গেছে। বুধবার (৬ মে) রাত সাড়ে ১০টার দিকে দোহারিয়া এলাকার ডলতলার কাছে এ ঘটনা ঘটে।

পুলিশ জানায়, চন্দ্রনাথ রথ গাড়িতে করে বাসায় ফিরছিলেন। এ সময় ভুয়া নম্বরপ্লেটযুক্ত একটি গাড়ি তার পথরোধ করে। এরপর কয়েকটি মোটরসাইকেলে আসা একদল দুর্বৃত্ত তাকে লক্ষ্য করে এলোপাতাড়ি গুলি চালায়। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, ঘটনাস্থলে তিন থেকে চার রাউন্ড গুলি ছোড়া হয়।

হামলার পর দুর্বৃত্তরা ব্যবহৃত গাড়িটি ঘটনাস্থলে ফেলে রেখে মোটরসাইকেলে করে পালিয়ে যায়। পরে পুলিশ ঘটনাস্থল থেকে খালি কার্তুজ ও গুলির খোসা উদ্ধার করে। চিকিৎসকদের বরাতে জানা যায়, হাসপাতালে নেওয়ার আগেই চন্দ্রনাথ রথের মৃত্যু হয়। তার শরীরে একাধিক গুলি লাগে, যার মধ্যে একটি বুকে এবং আরেকটি পেটে বিদ্ধ হয়। গুরুতর আঘাতের কারণে তাকে বাঁচানো সম্ভব হয়নি বলে চিকিৎসকরা জানিয়েছেন।

পুলিশের প্রাথমিক তদন্তে জানা গেছে, হামলায় অন্তত চারটি মোটরসাইকেল ও একটি গাড়ি ব্যবহার করা হয়েছিল। ঘটনাস্থলটি নিহতের বাড়ি থেকে প্রায় ১৭০ মিটার দূরে। উদ্ধার হওয়া গাড়ির নম্বরপ্লেট ভুয়া ছিল এবং ব্যবহৃত মোটরসাইকেলগুলোতেও নম্বরপ্লেট ছিল না বলে জানায় আইনশৃঙ্খলা বাহিনী। তদন্তকারীদের ধারণা, হামলায় উন্নতমানের আগ্নেয়াস্ত্র ব্যবহার করা হয়েছে। প্রাথমিকভাবে গ্লক সিরিজের পিস্তল ব্যবহারের সন্দেহ করা হচ্ছে, যদিও বিষয়টি এখনও নিশ্চিত নয়।

এদিকে, ঘটনাটিকে ঘিরে রাজনৈতিক উত্তেজনা তৈরি হয়েছে। ভোট-পরবর্তী সময়ে পশ্চিমবঙ্গে চলমান সহিংসতার ধারাবাহিকতায় এই হত্যাকাণ্ড ঘটেছে বলে বিভিন্ন মহল থেকে দাবি করা হচ্ছে। গত কয়েক দিনে এ ধরনের ঘটনায় একাধিক প্রাণহানির খবরও পাওয়া গেছে। পুলিশ জানিয়েছে, ঘটনার পেছনের কারণ ও জড়িতদের শনাক্তে তদন্ত চলছে। এখনো পর্যন্ত কাউকে গ্রেপ্তার করা হয়নি।