
‘সেবার ব্রতে চাকরি’ স্লোগানকে সামনে রেখে মাদারীপুর জেলায় ট্রেইনি রিক্রুট কনস্টেবল (টিআরসি) পদে নিয়োগ পরীক্ষার চূড়ান্ত ফলাফল প্রকাশ করা হয়েছে। গত বুধবার (৬ মে) বিকেলে মাদারীপুর পুলিশ লাইন্সের ড্রিল শেডে আনুষ্ঠানিকভাবে ফল ঘোষণা করেন নিয়োগ বোর্ডের সভাপতি ও জেলা পুলিশ সুপার মোঃ হাবিবুর রহমান।
সম্পূর্ণ স্বচ্ছতা, মেধা ও যোগ্যতার ভিত্তিতে পরিচালিত এই নিয়োগ প্রক্রিয়ায় চূড়ান্তভাবে ২২ জন প্রার্থীকে নির্বাচিত করা হয়েছে।
ফলাফল ঘোষণাকালে পুলিশ সুপার মোঃ হাবিবুর রহমান বলেন, “যোগ্য ও মেধাবী প্রার্থীদের শতভাগ স্বচ্ছতার মাধ্যমে বাছাই করা হয়েছে। যারা নির্বাচিত হয়েছেন, তারা নিজেদের যোগ্যতার প্রমাণ দিয়েই বাংলাদেশ পুলিশে যোগদানের সুযোগ পেয়েছেন।” তিনি নবনিযুক্তদের সততা, দায়িত্ববোধ ও নিষ্ঠার সঙ্গে দেশসেবায় আত্মনিয়োগের আহ্বান জানান।
নিয়োগ বোর্ডে সদস্য হিসেবে উপস্থিত ছিলেন শরীয়তপুরের অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) শেখ শরীফ-উজ-জামান এবং ফরিদপুরের অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) আজমীর হোসেন। এছাড়া জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তা ও বিভিন্ন গণমাধ্যমকর্মীরাও অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।
জেলা পুলিশ সূত্রে জানা যায়, ২২টি শূন্য পদের বিপরীতে প্রাথমিক বাছাই শেষে ৩৩১ জন প্রার্থী শারীরিক সক্ষমতা পরীক্ষায় অংশ নেন। পরে বিভিন্ন ধাপ অতিক্রম করে ১৩২ জন লিখিত পরীক্ষায় অংশগ্রহণ করেন। লিখিত পরীক্ষায় উত্তীর্ণ ৩৩ জন মৌখিক পরীক্ষায় অংশ নেন এবং সেখান থেকে চূড়ান্তভাবে ২২ জনকে নিয়োগের জন্য মনোনীত করা হয়।
ফলাফল প্রকাশের পর নির্বাচিত প্রার্থীদের অনেকেই আবেগাপ্লুত হয়ে পড়েন। কোনো ধরনের তদবির বা অর্থ লেনদেন ছাড়াই শুধুমাত্র মেধার ভিত্তিতে চাকরির সুযোগ পাওয়ায় তারা পুলিশ প্রশাসনের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।
জানা গেছে, নির্বাচিতদের পরবর্তী ধাপে পুলিশ ভেরিফিকেশন ও স্বাস্থ্য পরীক্ষা শেষে প্রশিক্ষণের জন্য পাঠানো হবে।
আপনার মতামত লিখুন :