বেলাবোতে ধানক্ষেতে যুবকের ম’রদে’হ উদ্ধার, এলাকায় আতঙ্ক


বেলাবো প্রতিনিধি, জহিরুল হক  প্রকাশের সময় : মে ৭, ২০২৬, ৫:১৭ অপরাহ্ণ
বেলাবোতে ধানক্ষেতে যুবকের ম’রদে’হ উদ্ধার, এলাকায় আতঙ্ক

নরসিংদীর বেলাবো উপজেলায় ধানক্ষেত থেকে মো. আপন (২৫) নামে এক যুবকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। বৃহস্পতিবার সকালে বেলাবো সদর ইউনিয়নের টেকপাড়া সড়কের পাশের একটি ধানক্ষেতে তার লাশ পড়ে থাকতে দেখে স্থানীয়দের মাঝে চাঞ্চল্যের সৃষ্টি হয়।

স্থানীয় সূত্রে জানা যায়, বুধবার রাত থেকে আপন মিয়া নিখোঁজ ছিলেন। পরিবারের সদস্যরা বিভিন্ন স্থানে খোঁজাখুঁজির একপর্যায়ে জানতে পারেন, বেলাবো সদর থেকে কামরাবো বাইপাস সড়কের পাশের ধানক্ষেতে একটি মরদেহ পড়ে আছে। পরে ঘটনাস্থলে গিয়ে স্বজনরা মরদেহটি আপন মিয়ার বলে শনাক্ত করেন।

খবর পেয়ে বেলাবো থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে স্থানীয়দের সঙ্গে কথা বলে এবং প্রাথমিক তদন্ত শেষে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নরসিংদী সদর হাসপাতালের মর্গে পাঠায়।

নিহত আপন মিয়া উপজেলার পার্শ্ববর্তী বাজনাবো ইউনিয়নের ভাঙ্গারঘাট এলাকার বাসিন্দা ছিলেন। তিনি পেশায় ট্রলি ভ্যান চালক ছিলেন।

ঘটনাটি এলাকায় আতঙ্কের সৃষ্টি করেছে। স্থানীয়দের ধারণা, মাদক সংশ্লিষ্ট কোনো ঘটনার জেরে এ হত্যাকাণ্ড ঘটে থাকতে পারে। তবে পুলিশ জানিয়েছে, ময়নাতদন্ত ও তদন্তের পরই মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে।