বাংলাদেশ সফরের পূর্ণাঙ্গ সূচি প্রকাশ করল অস্ট্রেলিয়া


অনলাইন ডেস্ক প্রকাশের সময় : মে ৭, ২০২৬, ৭:১৮ অপরাহ্ণ
বাংলাদেশ সফরের পূর্ণাঙ্গ সূচি প্রকাশ করল অস্ট্রেলিয়া

আগামী জুন মাসে বাংলাদেশ সফরে আসছে অস্ট্রেলিয়া ক্রিকেট দল। সফরে স্বাগতিক বাংলাদেশের বিপক্ষে তিনটি ওয়ানডে এবং তিনটি টি-টোয়েন্টি ম্যাচ খেলবে সফরকারীরা। বৃহস্পতিবার (৭ মে) সফরের চূড়ান্ত সূচি আনুষ্ঠানিকভাবে প্রকাশ করেছে ক্রিকেট অস্ট্রেলিয়া।

সূচি অনুযায়ী, সফরের শুরু হবে তিন ম্যাচের ওয়ানডে সিরিজ দিয়ে। ম্যাচগুলো অনুষ্ঠিত হবে ৯, ১১ ও ১৪ জুন। সবগুলো ওয়ানডে ম্যাচই ঢাকার মিরপুর শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে।

ওয়ানডে সিরিজ শেষে দুই দল চট্টগ্রামে যাবে। সেখানে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ অনুষ্ঠিত হবে ১৭, ১৯ ও ২১ জুন। ম্যাচগুলোর ভেন্যু হিসেবে থাকছে চট্টগ্রামের বীরশ্রেষ্ঠ ফ্লাইট লেফটেন্যান্ট মতিউর রহমান স্টেডিয়াম (সাবেক জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়াম)।

বাংলাদেশ সফরের আগে অস্ট্রেলিয়া পাকিস্তানের বিপক্ষে একটি ওয়ানডে সিরিজ খেলবে। সেই সিরিজ শেষ করেই তারা সরাসরি বাংলাদেশে পৌঁছাবে। অন্যদিকে, ঘরের মাঠে বিশ্ব চ্যাম্পিয়নদের মোকাবিলার প্রস্তুতি শুরু করে দিয়েছে বাংলাদেশ দলও।

ক্রিকেট সংশ্লিষ্টরা মনে করছেন, শক্তিশালী অস্ট্রেলিয়ার বিপক্ষে এই সিরিজ বাংলাদেশের জন্য বড় একটি পরীক্ষা হবে। বিশেষ করে ঘরের মাঠে খেলায় নিজেদের সামর্থ্য যাচাইয়ের গুরুত্বপূর্ণ সুযোগ পাবে টাইগাররা।

সব মিলিয়ে জুনে বাংলাদেশ–অস্ট্রেলিয়া সিরিজকে ঘিরে ক্রিকেটপ্রেমীদের মধ্যে ব্যাপক আগ্রহ তৈরি হয়েছে।