
পশ্চিমবঙ্গের বিধানসভা নির্বাচনে বিজেপির বিজয়ের পর অবৈধভাবে ‘পুশ-ইন’ পরিস্থিতি তৈরি হলে ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি দেন বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান। তার এই মন্তব্যকে ঘিরে এবার আনুষ্ঠানিক প্রতিক্রিয়া জানিয়েছে ভারত।
বৃহস্পতিবার (৭ মে) ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের সাপ্তাহিক ব্রিফিংয়ে মুখপাত্র রণধীর জয়সওয়াল বলেন, অবৈধ বাংলাদেশি অভিবাসীদের নির্বিঘ্ন প্রত্যাবাসন নিশ্চিত করতে ঢাকার সহযোগিতা প্রয়োজন। একই সঙ্গে ঝুলে থাকা নাগরিকত্ব যাচাই প্রক্রিয়া দ্রুত সম্পন্ন করার আহ্বান জানান তিনি।
তিনি বলেন, “গত কয়েক দিন ধরে আমরা এই ধরনের মন্তব্য লক্ষ্য করছি। তবে বিষয়টি অবৈধ বাংলাদেশি অভিবাসীদের প্রত্যাবাসনের বৃহত্তর প্রেক্ষাপটে দেখা উচিত। এ কাজে বাংলাদেশের সহযোগিতা অত্যন্ত গুরুত্বপূর্ণ।”
ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র আরও জানান, বর্তমানে ২ হাজার ৮৬০টিরও বেশি নাগরিকত্ব যাচাইয়ের আবেদন বাংলাদেশের কাছে ঝুলে আছে, যার মধ্যে অনেক আবেদন পাঁচ বছরের বেশি সময় ধরে অনুমোদনের অপেক্ষায় রয়েছে। এসব প্রক্রিয়া দ্রুত শেষ করার আহ্বান জানানো হয়। ভারতের পক্ষ থেকে আশা প্রকাশ করা হয়, বাংলাদেশ দ্রুত নাগরিকত্ব যাচাই সম্পন্ন করলে অবৈধ অভিবাসীদের প্রত্যাবাসন প্রক্রিয়া আরও সুশৃঙ্খলভাবে সম্পন্ন করা সম্ভব হবে।
এর আগে বাংলাদেশের স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমেদ সীমান্ত পরিস্থিতি নিয়ে মন্তব্য করে বলেন, তিনি আশা করেন কোনো ধরনের পুশব্যাকের ঘটনা ঘটবে না। একই সঙ্গে সীমান্তে বর্ডার গার্ড বাংলাদেশকে সতর্ক থাকার নির্দেশ দেওয়া হয়েছে বলেও জানান তিনি।
এদিকে পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচনে বিজেপির জয়ের পর অবৈধ অনুপ্রবেশ ইস্যুতে দুই দেশের রাজনৈতিক বক্তব্যে নতুন করে উত্তেজনা তৈরি হয়েছে। বিজেপি তাদের প্রচারণায় অনুপ্রবেশকে বড় ইস্যু হিসেবে তুলে ধরলেও পশ্চিমবঙ্গের ক্ষমতাসীন সরকার তৃণমূল কংগ্রেস এসব অভিযোগ বরাবরই অস্বীকার করে আসছে।
আপনার মতামত লিখুন :