
কুড়িগ্রামের নাগেশ্বরী সীমান্ত এলাকায় বিশেষ অভিযান চালিয়ে বিপুল পরিমাণ অবৈধ ভারতীয় কাপড় জব্দ করেছে লালমনিরহাট ব্যাটালিয়ন (১৫ বিজিবি)। বৃহস্পতিবার (৭ মে) বিকেলে বিজিবির পক্ষ থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজিবি সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে বৃহস্পতিবার সকাল ৭টার দিকে নাগেশ্বরী থানার ঘাঘলা বাজার এলাকায় অবস্থান নেয় ১৫ বিজিবির একটি আভিযানিক দল। এ সময় একটি ব্যাটারিচালিত অটোভ্যান সন্দেহজনকভাবে আসতে দেখে থামার সংকেত দেয় বিজিবি সদস্যরা। তবে বিজিবির উপস্থিতি টের পেয়ে চোরাকারবারীরা ভ্যান ও মালামাল ফেলে পালিয়ে যায়।
পরে পরিত্যক্ত অটোভ্যানটি তল্লাশি করে ১৫০০ মিটার উন্নতমানের ভারতীয় প্যান্ট পিস উদ্ধার করা হয়। জব্দকৃত কাপড়ের আনুমানিক বাজারমূল্য প্রায় ৩০ লাখ টাকা বলে জানিয়েছে বিজিবি।
লালমনিরহাট ব্যাটালিয়ন (১৫ বিজিবি)-এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মেহেদী ইমাম, পিএসসি বলেন, সীমান্তে চোরাচালান দমনে বিজিবি কঠোর অবস্থানে রয়েছে। তিনি জানান, গোয়েন্দা নজরদারি ও টহল কার্যক্রম আরও জোরদার করা হয়েছে এবং ভবিষ্যতেও এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।
বিজিবি আরও জানায়, এ ঘটনার সঙ্গে জড়িত চোরাকারবারীদের শনাক্তে কাজ চলছে এবং তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।
আপনার মতামত লিখুন :