নন্দীগ্রামে তরুণদের স্বপ্ন গড়ছে “মেরিন স্পোর্টস একাডেমি”


নন্দীগ্রাম প্রতিনিধি, শাহীন আলম সাজু প্রকাশের সময় : মে ৭, ২০২৬, ১:২০ অপরাহ্ণ
নন্দীগ্রামে তরুণদের স্বপ্ন গড়ছে “মেরিন স্পোর্টস একাডেমি”

বগুড়ার নন্দীগ্রাম উপজেলার ৩ নং ভাটরা ইউনিয়নে তরুণ সমাজের মাঝে ইতিবাচক পরিবর্তনের আলো ছড়িয়ে যাচ্ছে “মেরিন স্পোর্টস একাডেমি”। একাডেমিটির প্রতিষ্ঠাতা পরিচালক ক্যাপ্টেন মেরিন সারোয়ার হোসেন সোহেল নিজের উদ্যোগ ও অর্থায়নে এলাকার যুবকদের খেলাধুলার মাধ্যমে সুস্থ ও শৃঙ্খল জীবনের পথে এগিয়ে নেওয়ার কাজ করে চলেছেন।

তিনি উপজেলার দমদমা গ্রামের মরহুম বীর মুক্তিযোদ্ধা দেলোয়ার হোসেনের সন্তান। মরহুম দেলোয়ার হোসেন নন্দীগ্রাম উপজেলার প্রথম ম্যাজিস্ট্রেট হিসেবে দায়িত্ব পালন করেছিলেন এবং সততা ও নিষ্ঠার জন্য এলাকায় সম্মানিত ছিলেন। বাবার সেই আদর্শকে ধারণ করেই সমাজ উন্নয়নে কাজ করছেন ক্যাপ্টেন সোহেল।

৩ নং ভাটরা ইউনিয়নের কুমিড়া পন্ডিতপুকুর বাজারে প্রতিষ্ঠিত “মেরিন স্পোর্টস একাডেমি” গত দুই বছর ধরে তৃণমূল পর্যায়ে ক্রীড়া চর্চার এক অনন্য দৃষ্টান্ত স্থাপন করেছে। জেলা কিংবা উপজেলা পর্যায়ে ক্রীড়া প্রশিক্ষণের সুযোগ থাকলেও ইউনিয়ন পর্যায়ে এমন উদ্যোগ খুব কমই দেখা যায়। একাডেমিতে দক্ষ কোচ ও ট্রেইনারের মাধ্যমে নিয়মিত প্রশিক্ষণ দেওয়া হচ্ছে তরুণদের। ক্রীড়া পরিচালক হিসেবে দায়িত্ব পালন করছেন মোঃ আরিফুল ইসলাম (আরিফ)।

এলাকাবাসীর মতে, এই একাডেমি শুধু খেলাধুলার কেন্দ্র নয়, বরং মাদক, অপরাধ ও সামাজিক অবক্ষয় থেকে যুব সমাজকে দূরে রাখার একটি কার্যকর উদ্যোগ। কোনো ব্যক্তিগত লাভের আশায় নয়, বরং সমাজের প্রতি দায়বদ্ধতা থেকেই ক্যাপ্টেন সোহেল এই কার্যক্রম পরিচালনা করে যাচ্ছেন।

পেশাগত জীবনে তিনি একজন মেরিন ক্যাপ্টেন। সাগরের বিশালতার মতোই তার মনও উদার বলে মনে করেন স্থানীয়রা। তরুণ প্রজন্মকে সুন্দর ভবিষ্যতের পথে এগিয়ে নিতে তার এই নিরলস প্রচেষ্টাকে এলাকাবাসী অত্যন্ত প্রশংসার সঙ্গে দেখছেন।

স্থানীয়দের ভাষ্য, “আমরা গর্বিত যে আমাদের এলাকায় এমন একজন মানুষ আছেন, যিনি নিঃস্বার্থভাবে সমাজের উন্নয়নে কাজ করছেন। তার এই উদ্যোগ আরও বড় পরিসরে ছড়িয়ে পড়ুক, এটাই আমাদের প্রত্যাশা।”