দোয়ারাবাজারে ওষুধ প্রশাসনের অভিযান, দুই ফার্মেসিকে জরিমানা


সুনামগঞ্জ প্রতিনিধি, শফিকুল বারী প্রকাশের সময় : মে ৭, ২০২৬, ৬:৩৫ অপরাহ্ণ
দোয়ারাবাজারে ওষুধ প্রশাসনের অভিযান, দুই ফার্মেসিকে জরিমানা

সুনামগঞ্জের দোয়ারাবাজার উপজেলার শ্রীপুর বাজারে মোবাইল কোর্ট পরিচালনা করে দুটি ফার্মেসিকে জরিমানা করেছে প্রশাসন। নিষিদ্ধ ফিজিশিয়ান স্যাম্পল ও মেয়াদোত্তীর্ণ ওষুধ মজুত ও বিক্রির দায়ে তাদের মোট পাঁচ হাজার টাকা অর্থদণ্ড দেওয়া হয়।

 গত বুধবার (৬ মে) নিয়মিত তদারকির অংশ হিসেবে শ্রীপুর বাজার এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়। অভিযানে নেতৃত্ব দেন দোয়ারাবাজার উপজেলার সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট রাশেদুল হক। কারিগরি সহায়তায় ছিলেন সুনামগঞ্জ জেলা ওষুধ প্রশাসন অধিদপ্তরের ওষুধ তত্ত্বাবধায়ক মিঠুন সাহা। এসময় আইনশৃঙ্খলা রক্ষায় স্থানীয় পুলিশ প্রশাসনের সদস্যরাও সহযোগিতা করেন।

অভিযান চলাকালে দেখা যায়, কয়েকটি ফার্মেসিতে সরকারি নীতিমালা লঙ্ঘন করে চিকিৎসকদের জন্য বরাদ্দকৃত বিক্রয়নিষিদ্ধ ফিজিশিয়ান স্যাম্পল এবং মেয়াদোত্তীর্ণ ওষুধ বিক্রির উদ্দেশ্যে সংরক্ষণ করা হয়েছে। পরে সংশ্লিষ্ট দুই ফার্মেসির বিরুদ্ধে মামলা দায়ের করে তাৎক্ষণিকভাবে জরিমানা আদায় করা হয়।

জেলা ওষুধ প্রশাসনের তত্ত্বাবধায়ক মিঠুন সাহা জানান, জনস্বাস্থ্য সুরক্ষা ও ওষুধের মান নিশ্চিত করতে এ ধরনের অভিযান নিয়মিতভাবে পরিচালনা করা হবে। প্রশাসনের এ উদ্যোগকে স্বাগত জানিয়েছেন স্থানীয় বাসিন্দারা। তারা বাজারের ফার্মেসিগুলোতে নিয়মিত নজরদারি অব্যাহত রাখার দাবি জানিয়েছেন।