দেশে নতুন পাঁচ উপজেলা গঠন


অনলাইন ডেস্ক প্রকাশের সময় : মে ৭, ২০২৬, ৯:২৫ অপরাহ্ণ
দেশে নতুন পাঁচ উপজেলা গঠন

দেশে নতুন করে আরও পাঁচটি উপজেলা গঠনের সিদ্ধান্ত নিয়েছে সরকার। বৃহস্পতিবার (৭ মে) বিকেলে প্রধানমন্ত্রী তারেক রহমান-এর সভাপতিত্বে অনুষ্ঠিত ‘প্রশাসনিক পুনর্বিন্যাস সংক্রান্ত জাতীয় বাস্তবায়ন কমিটি’ (নিকার)-এর ১২০তম বৈঠকে এ সিদ্ধান্ত নেওয়া হয়। বৈঠকে অনুমোদন পাওয়া নতুন উপজেলাগুলো হলো— মোকামতলা, মাতামুহুরী, রুহিয়া, ভুল্লী এবং চন্দ্রগঞ্জ

এর মধ্যে বগুড়ার শিবগঞ্জ উপজেলাকে ভাগ করে ‘মোকামতলা’, কক্সবাজারের চকরিয়া উপজেলাকে ভাগ করে ‘মাতামুহুরী’ উপজেলা গঠন করা হবে। পাশাপাশি ঠাকুরগাঁও সদর উপজেলাকে বিভক্ত করে ‘রুহিয়া’ ও ‘ভুল্লী’ নামে দুটি নতুন উপজেলা এবং লক্ষ্মীপুর সদর উপজেলাকে ভাগ করে ‘চন্দ্রগঞ্জ’ উপজেলা গঠনের সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

এ ছাড়া বৈঠকে বগুড়া-এ সিটি করপোরেশন গঠনেরও অনুমোদন দেওয়া হয়। এর মাধ্যমে প্রায় দেড়শ বছরের পুরোনো বগুড়া পৌরসভা আনুষ্ঠানিকভাবে সিটি করপোরেশনের মর্যাদা পেল।

সংশ্লিষ্টরা বলছেন, নতুন উপজেলা ও সিটি করপোরেশন গঠনের ফলে স্থানীয় প্রশাসনিক কার্যক্রম আরও গতিশীল হবে এবং সাধারণ মানুষের সরকারি সেবা গ্রহণ সহজ হবে। সরকারি তথ্য অনুযায়ী, নতুন এই সিদ্ধান্তের ফলে দেশে বর্তমানে মোট উপজেলার সংখ্যা দাঁড়িয়েছে ৪৯৫টি এবং সিটি করপোরেশনের সংখ্যা বেড়ে হয়েছে ১২টি।