দেশের ৯ অঞ্চলে ঝড়ের আভাস, নদীবন্দরে সতর্ক সংকেত


অনলাইন ডেস্ক প্রকাশের সময় : মে ৭, ২০২৬, ৫:১২ অপরাহ্ণ
দেশের ৯ অঞ্চলে ঝড়ের আভাস, নদীবন্দরে সতর্ক সংকেত

সন্ধ্যার মধ্যে দেশের অন্তত নয়টি অঞ্চলের ওপর দিয়ে ঝড় বয়ে যেতে পারে বলে পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অধিদপ্তর। এ পরিস্থিতিতে সংশ্লিষ্ট এলাকার নদীবন্দরগুলোকে ১ নম্বর সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে। বৃহস্পতিবার (৭ মে) আবহাওয়া অধিদপ্তরের সহকারী আবহাওয়াবিদ আফরোজা সুলতানার স্বাক্ষরিত অভ্যন্তরীণ নদীবন্দর পূর্বাভাস থেকে এ তথ্য জানা যায়।

পূর্বাভাসে বলা হয়েছে, আজ সন্ধ্যা ৯টার মধ্যে রাজশাহী, পাবনা, বগুড়া, খুলনা, মাদারিপুর, বরিশাল, পটুয়াখালী, নোয়াখালী এবং সিলেট অঞ্চলের ওপর দিয়ে পশ্চিম বা উত্তর-পশ্চিম দিক থেকে ঘণ্টায় ৪৫ থেকে ৬০ কিলোমিটার বেগে দমকা বা ঝড়ো হাওয়া বয়ে যেতে পারে। এ সময় এসব এলাকায় বৃষ্টি বা বজ্রবৃষ্টির প্রবল সম্ভাবনাও রয়েছে।

ঝড়ের আশঙ্কায় এসব এলাকার নদীবন্দরগুলোকে সতর্ক অবস্থায় থাকতে বলা হয়েছে এবং ১ নম্বর সতর্ক সংকেত প্রদর্শনের নির্দেশ দেওয়া হয়েছে।এদিকে আবহাওয়া অধিদপ্তরের আরেক পূর্বাভাসে জানানো হয়েছে, আগামী ২৪ ঘণ্টায় রাজশাহী ও খুলনা বিভাগের কিছু কিছু এলাকায় এবং রংপুর, ঢাকা, চট্টগ্রাম, ময়মনসিংহ, বরিশাল ও সিলেট বিভাগের দু–এক জায়গায় অস্থায়ীভাবে দমকা ও ঝড়ো হাওয়াসহ বিদ্যুৎ চমকানো বৃষ্টি বা বজ্রবৃষ্টি হতে পারে।

পূর্বাভাসে আরও বলা হয়েছে, এ সময়ে সারাদেশে দিন ও রাতের তাপমাত্রা সামান্য বাড়তে পারে। আবহাওয়াবিদরা জানিয়েছেন, মৌসুমি পরিবর্তনের প্রভাবে এই সময়ে এমন ঝড়-বৃষ্টির প্রবণতা দেখা যাচ্ছে, তাই সাধারণ মানুষকে সতর্ক থাকার পরামর্শ দেওয়া হয়েছে।