তোফায়েল আহমেদের বিচার শুরু, গ্রেপ্তারি পরোয়ানা জারি


অনলাইন ডেস্ক প্রকাশের সময় : মে ৭, ২০২৬, ৪:১২ অপরাহ্ণ
তোফায়েল আহমেদের বিচার শুরু, গ্রেপ্তারি পরোয়ানা জারি

ক্ষমতার অপব্যবহারের মাধ্যমে অবৈধভাবে ১ কোটি ২৫ লাখ টাকা আত্মসাতের অভিযোগে সাবেক মন্ত্রী ও আওয়ামী লীগের প্রবীণ নেতা তোফায়েল আহমেদসহ তিনজনের বিরুদ্ধে অভিযোগ গঠন করে বিচার শুরুর আদেশ দিয়েছেন আদালত। একই সঙ্গে তার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানাও জারি করা হয়েছে।

বৃহস্পতিবার (৭ মে) দুপুরে ঢাকা বিভাগীয় স্পেশাল জজ আদালতের বিচারক বেগম শামীমা আফরোজ আসামিদের অব্যাহতির আবেদন নামঞ্জুর করে এ আদেশ দেন। আদালত আগামী ২২ জুন সাক্ষ্য গ্রহণের তারিখ নির্ধারণ করেছেন।

বিষয়টি নিশ্চিত করেছেন তোফায়েল আহমেদের আইনজীবী মো. খায়ের উদ্দিন শিকদার। মামলার অপর দুই আসামি হলেন ম্যাডোনা অ্যাডভারটাইজিং লিমিটেডের প্রধান হিসাবরক্ষক মোহাম্মদ আনোয়ারুল ইসলাম এবং ভোলার মোশারফ হোসেন। এদের মধ্যে মোশারফ হোসেন আদালতে উপস্থিত ছিলেন। তবে তোফায়েল আহমেদ ও আনোয়ারুল ইসলাম পলাতক থাকায় আদালত তাদের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেন।

মামলার এজাহার সূত্রে জানা যায়, ২০০২ সালে দুর্নীতি দমন ব্যুরোর পরিদর্শক কাজী শামসুল ইসলাম মামলাটি দায়ের করেন। অভিযোগে বলা হয়, তোফায়েল আহমেদ ক্ষমতার অপব্যবহার করে অবৈধভাবে অর্জিত ১ কোটি ২৫ লাখ টাকা গোপন ও স্থানান্তরের জন্য সহযোগীদের মাধ্যমে বিভিন্ন ব্যাংক লেনদেন পরিচালনা করেন।

এতে আরও বলা হয়, ম্যাডোনা অ্যাডভারটাইজিং লিমিটেডের কর্মকর্তাদের সঙ্গে যোগসাজশে সোনালী ব্যাংকের মতিঝিল কর্পোরেট শাখা থেকে বিভিন্ন সময়ে অর্থ স্থানান্তর এবং পরে তা উত্তোলন করা হয়। তদন্ত শেষে তিন আসামির বিরুদ্ধে আদালতে চার্জশিট দাখিল করা হয়। তবে আওয়ামী লীগ সরকারের সময় উচ্চ আদালতের নির্দেশে মামলার কার্যক্রম দীর্ঘদিন স্থগিত ছিল। পরে ২০২৪ সালের ৫ আগস্টের পর আদালত স্বপ্রণোদিত হয়ে মামলাটি পুনরায় সক্রিয় করে এবং নিম্ন আদালতে পাঠানো হয়।