
বাংলাদেশ জাতীয় সংসদের ডেপুটি স্পীকার ব্যারিস্টার কায়সার কামাল এমপি’র সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন ইউনিসেফের একটি প্রতিনিধিদল। বৃহস্পতিবার (৭ মে) সংসদ ভবনে তার কার্যালয়ে এ সাক্ষাৎ অনুষ্ঠিত হয়। ইউনিসেফের সোশ্যাল পলিসি ম্যানেজার হাসিনা বেগম প্রতিনিধিদলের নেতৃত্ব দেন।
সাক্ষাৎকালে ডেপুটি স্পীকার বলেন, বাংলাদেশে শিশু অধিকার সুরক্ষায় পার্লামেন্টারি ককাস অন চাইল্ড রাইটস এবং ইউনিসেফ যৌথভাবে কাজ করবে। শিশুদের স্বার্থ সংরক্ষণ ও শিশুবান্ধব নীতি প্রণয়নের লক্ষ্যে সংশ্লিষ্ট সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি, সরকারি ও বিরোধীদলীয় সংসদ-সদস্যদের সমন্বয়ে একটি ককাস গঠন করা হবে বলে তিনি জানান। এই ককাস সংসদে শিশু অধিকার বিষয়ক আলোচনা জোরদার করা এবং বাজেট বৃদ্ধিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলেও তিনি আশা প্রকাশ করেন।
ব্যারিস্টার কায়সার কামাল আরও বলেন, বর্তমান প্রধানমন্ত্রী শিশু অধিকার বিষয়ে অত্যন্ত সংবেদনশীল। ইতোমধ্যে শিশুদের সংসদ অধিবেশনের গ্যালারিতে বসে অধিবেশন উপভোগের সুযোগ সৃষ্টির জন্য প্রয়োজনীয় নির্দেশনা প্রদান করা হয়েছে। তিনি মনে করেন, বিভিন্ন সংগঠনের সহযোগিতায় ধারাবাহিক কর্মসূচি বাস্তবায়নের মাধ্যমে বাংলাদেশ শিশু অধিকার সুরক্ষায় উপমহাদেশে একটি নেতৃত্বস্থানীয় অবস্থান অর্জন করতে সক্ষম হবে।
অন্যদিকে ইউনিসেফ প্রতিনিধিদল জানায়, শিশুদের স্বাস্থ্য, শিক্ষা ও সুরক্ষা—এই তিনটি খাতসহ মোট ১০টি অগ্রাধিকারমূলক অধিকার বিভিন্ন রাজনৈতিক দলের নির্বাচনী ইশতেহারে অন্তর্ভুক্ত করতে তারা সফল হয়েছে। তারা চলমান মানবিক পরিস্থিতি মোকাবেলায় সরকারের সময়োপযোগী পদক্ষেপেরও প্রশংসা করেন।
সাক্ষাৎকালে শিশু অধিকার, শিশুবান্ধব নীতি প্রণয়ন, বাজেট বৃদ্ধি, সামাজিক সুরক্ষা এবং দ্বিপাক্ষিক সহযোগিতার বিভিন্ন বিষয় নিয়ে বিস্তারিত আলোচনা হয়। এ সময় ইউনিসেফ প্রতিনিধিদলের সদস্যরা এবং জাতীয় সংসদ সচিবালয়ের সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
আপনার মতামত লিখুন :