জিডিপির ৫ শতাংশ শিক্ষা খাতে ব্যয়ের পরিকল্পনা সরকারের: শিক্ষামন্ত্রী


অনলাইন ডেস্ক প্রকাশের সময় : মে ৭, ২০২৬, ১২:৩১ অপরাহ্ণ
জিডিপির ৫ শতাংশ শিক্ষা খাতে ব্যয়ের পরিকল্পনা সরকারের: শিক্ষামন্ত্রী

দেশের শিক্ষা ব্যবস্থাকে আরও আধুনিক ও দক্ষতাভিত্তিক করতে শিক্ষা খাতে জিডিপির ৫ শতাংশ বিনিয়োগের পরিকল্পনা নিয়েছে সরকার বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী এহসানুল হক মিলন। বৃহস্পতিবার (৭ মে) সকালে রাজধানীর একটি হোটেলে ইউনিসেফ আয়োজিত ‘শ্রেণিকক্ষে উদ্ভাবনী ধারা শক্তিশালীকরণ’ বিষয়ক সেমিনারে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ তথ্য জানান।

শিক্ষামন্ত্রী বলেন, বিগত সরকারের আমলে শিক্ষা খাতে বাজেট বরাদ্দ কখনোই জিডিপির দেড় শতাংশের বেশি হয়নি। বর্তমান সরকার দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে শিক্ষা খাতে বিনিয়োগ বাড়ানোর লক্ষ্য নিয়ে কাজ করছে। তিনি বলেন, শুধু প্রাথমিক শিক্ষা নিশ্চিত করাই নয়, শিক্ষার্থীদের দক্ষতা উন্নয়নেও গুরুত্ব দেওয়া হচ্ছে। আধুনিক ও প্রযুক্তিনির্ভর শিক্ষা ব্যবস্থা গড়ে তুলতে সরকার বিভিন্ন দীর্ঘমেয়াদি পরিকল্পনা হাতে নিয়েছে।

ডিজিটাল শিক্ষা ব্যবস্থার প্রসঙ্গ তুলে এহসানুল হক মিলন বলেন, আগের সরকারের সময়ে ডিজিটাল ক্লাসরুম বাস্তবায়নে ব্যর্থতা ছিল এবং জবাবদিহিতা ও স্বচ্ছতার ঘাটতি দেখা গেছে। তবে বর্তমান সরকার প্রধানমন্ত্রীর প্রতিশ্রুতি অনুযায়ী ইন্টারঅ্যাকটিভ ডিজিটাল ক্লাসরুম চালুর উদ্যোগ নিয়েছে। অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্যে প্রধানমন্ত্রীর উপদেষ্টা মাহদী আমিন বলেন, প্রাথমিক শিক্ষার পাশাপাশি দক্ষতা উন্নয়নমূলক শিক্ষা কার্যক্রমেও সরকার গুরুত্ব দিচ্ছে। তিনি জানান, দীর্ঘমেয়াদি পরিকল্পনার অংশ হিসেবে দেশে ডিজিটাল ও ক্রিয়াশীল (ইন্টারঅ্যাকটিভ) শ্রেণিকক্ষ গড়ে তোলার কাজ চলছে।

তিনি আরও বলেন, শিক্ষার্থীদের আন্তর্জাতিক মানের প্রতিযোগিতায় সক্ষম করে তুলতে বাংলা ও ইংরেজির পাশাপাশি তৃতীয় একটি আন্তর্জাতিক ভাষা শিক্ষাক্রমে অন্তর্ভুক্ত করার পরিকল্পনাও রয়েছে। সেমিনারে বক্তারা বলেন, প্রযুক্তিনির্ভর ও দক্ষতাভিত্তিক শিক্ষা ব্যবস্থা গড়ে তুলতে সরকার, উন্নয়ন সহযোগী সংস্থা এবং শিক্ষাপ্রতিষ্ঠানগুলোর সমন্বিত উদ্যোগ প্রয়োজন। তারা শিক্ষার গুণগত মান উন্নয়নে উদ্ভাবনী উদ্যোগের ওপর গুরুত্বারোপ করেন।