ঘুষ-দুর্নীতির দায়ে চীনের সাবেক দুই প্রতিরক্ষামন্ত্রীর মৃত্যুদণ্ড


অনলাইন ডেস্ক প্রকাশের সময় : মে ৭, ২০২৬, ৯:১০ অপরাহ্ণ
ঘুষ-দুর্নীতির দায়ে চীনের সাবেক দুই প্রতিরক্ষামন্ত্রীর মৃত্যুদণ্ড

ঘুষ ও দুর্নীতির দায়ে চীনের সাবেক দুই প্রতিরক্ষামন্ত্রী ওয়েই ফেংহে ও লি শাংফুকে মৃত্যুদণ্ড দিয়েছেন দেশটির সামরিক আদালত। বৃহস্পতিবার (৭ মে) পৃথক রায়ে তাদের বিরুদ্ধে এ দণ্ড ঘোষণা করা হয়।

চীনের রাষ্ট্রায়ত্ত সংবাদমাধ্যম সিসিটিভির প্রতিবেদনে বলা হয়েছে, দায়িত্ব পালনকালে ঘুষ গ্রহণ ও ক্ষমতার অপব্যবহারের অভিযোগ প্রমাণিত হওয়ায় সাবেক এই দুই মন্ত্রীকে সর্বোচ্চ শাস্তি দেওয়া হয়েছে। তবে আদালত উভয়ের মৃত্যুদণ্ড কার্যকর দুই বছরের জন্য স্থগিত রাখার নির্দেশ দিয়েছেন।

আদালতের রায়ে বলা হয়, ওয়েই ফেংহে ঘুষ গ্রহণের অপরাধে দোষী সাব্যস্ত হয়েছেন। অন্যদিকে, লি শাংফুর বিরুদ্ধে ঘুষ গ্রহণের পাশাপাশি ঘুষ দেওয়ার অভিযোগও প্রমাণিত হয়েছে।

দণ্ডপ্রাপ্ত ওয়েই ফেংহে ও লি শাংফু—উভয়ই চীনের প্রভাবশালী কেন্দ্রীয় সামরিক কমিশনের সাবেক সদস্য এবং স্টেট কাউন্সিলর হিসেবে দায়িত্ব পালন করেছেন। দেশটির সামরিক ও রাজনৈতিক অঙ্গনে তারা দীর্ঘদিন গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন।

রায়ে আরও বলা হয়েছে, দুই সাবেক মন্ত্রীর আজীবনের জন্য সব ধরনের রাজনৈতিক অধিকার বাতিল করা হয়েছে। একই সঙ্গে তাদের ব্যক্তিগত সব সম্পত্তি রাষ্ট্রের অনুকূলে বাজেয়াপ্ত করার নির্দেশ দিয়েছেন আদালত।

চীনের আইন অনুযায়ী, দুই বছরের স্থগিতাদেশ শেষে তাদের মৃত্যুদণ্ড স্বয়ংক্রিয়ভাবে যাবজ্জীবন কারাদণ্ডে রূপ নিতে পারে। আদালত জানিয়েছেন, পরবর্তীতে তারা আর কোনো ধরনের সাজা কমানো বা মুক্তির সুযোগ পাবেন না।

বিশ্লেষকরা বলছেন, সামরিক বাহিনী ও উচ্চপর্যায়ের সরকারি কর্মকর্তাদের বিরুদ্ধে দুর্নীতিবিরোধী অভিযানে কঠোর অবস্থান নিয়েছে বেইজিং। প্রেসিডেন্ট শি জিনপিংয়ের নেতৃত্বে গত কয়েক বছরে দেশটির সামরিক ও রাজনৈতিক অঙ্গনে দুর্নীতিবিরোধী অভিযান আরও জোরদার হয়েছে।