কোরবানির ঈদ ঘিরে শিবচরের খামারে পশুর সমারোহ, দিনরাত ব্যস্ত খামারিরা


অনলাইন ডেস্ক প্রকাশের সময় : মে ৭, ২০২৬, ১১:৪৯ পূর্বাহ্ণ
কোরবানির ঈদ ঘিরে শিবচরের খামারে পশুর সমারোহ, দিনরাত ব্যস্ত খামারিরা

পবিত্র ঈদুল আজহাকে সামনে রেখে মাদারীপুরের শিবচর উপজেলার পশু খামারগুলোতে এখন চলছে ব্যাপক ব্যস্ততা। কোরবানির পশু প্রস্তুত, পরিচর্যা ও বিক্রিকে কেন্দ্র করে দিন পার করছেন খামারিরা। শিবচর উপজেলা প্রতিনিধি মোঃ সাইফুল ইসলাম আকাশ জানান, উপজেলাজুড়ে ছোট-বড় মিলিয়ে প্রায় ৭৬৬টি খামারে গরু, মহিষ, ছাগল ও ভেড়া লালন-পালন করা হচ্ছে। বর্তমানে এসব খামারে রয়েছে ১০ হাজার ৯৮০টি গরু, কয়েকটি মহিষ এবং প্রায় ১০ হাজার ২৩০টি ছাগল ও ভেড়া।

উপজেলার বড় খামারগুলোর মধ্যে ‘নাইম খান এগ্রো ফার্ম’-এ কোরবানির জন্য প্রস্তুত করা হয়েছে প্রায় ১২০টি গরু, দুটি মহিষ ও বেশ কিছু ভেড়া। খামারের স্বত্বাধিকারী মোহাম্মদ মোবিন খান বলেন, পশুখাদ্যের মূল্যবৃদ্ধির কারণে এবার উৎপাদন ব্যয় অনেক বেড়েছে। তবুও বিভিন্ন অঞ্চল থেকে ক্রেতারা খামারে এসে পশু দেখছেন এবং দাম নিয়ে আলোচনা করছেন।

খামারের কর্মচারীরা জানান, পশুগুলোকে প্রতিদিন তিনবার প্রাকৃতিক খাদ্য খাওয়ানো হচ্ছে এবং সর্বোচ্চ যত্নে পালন করা হচ্ছে। কিছু পশু খামার থেকেই বিক্রি করা হয়, আর বাকিগুলো কোরবানির হাটে তোলা হবে।

উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা হরিশ চন্দ্র বোস জানান, এ বছর শিবচরে কোরবানির জন্য প্রায় ২১ হাজার ২০০টি পশু প্রস্তুত রয়েছে, যেখানে স্থানীয় চাহিদা প্রায় ১৯ হাজার। অতিরিক্ত পশু পার্শ্ববর্তী এলাকায় সরবরাহ করা হতে পারে বলেও জানান তিনি। পাশাপাশি পশুর স্বাস্থ্য সুরক্ষায় মাঠপর্যায়ে নিয়মিত তদারকি ও খামারিদের পরামর্শ দেওয়া হচ্ছে।

খামারিরা আশা করছেন, এবারের কোরবানির মৌসুমে ভালো লাভ হবে। তবে বিদেশ থেকে অবৈধভাবে কিংবা সরকারি ব্যবস্থাপনায় গরু আমদানি হলে বাজারে নেতিবাচক প্রভাব পড়তে পারে বলে তারা উদ্বেগ প্রকাশ করেছেন।