
জলবায়ু পরিবর্তনের কারণে ক্ষতিগ্রস্ত ও অভ্যন্তরীণভাবে বাস্তুচ্যুত মানুষের অধিকার ও সামাজিক সুরক্ষা নিশ্চিতের দাবিতে সাতক্ষীরার আশাশুনিতে অনুষ্ঠিত হয়েছে মানববন্ধন ও অ্যাডভোকেসি ক্যাম্পেইন।
বৃহস্পতিবার (৭ মে ২০২৬) দুপুর ১২টায় আশাশুনি উপজেলা মডেল মসজিদ মিলনায়তনে “জলবায়ু পরিবর্তন প্ররোচিত অভ্যন্তরীণ অভিবাসন ও স্থানচ্যুত জনগোষ্ঠীর জন্য সামাজিক সুরক্ষা অন্তর্ভুক্তি বৃদ্ধিকরণে অ্যাডভোকেসি ক্যাম্পেইন” শীর্ষক এ কর্মসূচির আয়োজন করে প্রতাপনগর ইউনিয়ন দুর্যোগ ব্যবস্থাপনা কমিটি (ডিএমসি)। এতে সহযোগিতা করে কারিতাস বাংলাদেশ, খুলনা অঞ্চল।
মানববন্ধনে বক্তারা বলেন, উপকূলীয় অঞ্চলে নদীভাঙন, ঘূর্ণিঝড় ও লবণাক্ততার প্রভাবে প্রতিবছর বহু মানুষ তাদের ঘরবাড়ি ও জীবিকার উৎস হারিয়ে জলবায়ু উদ্বাস্তুতে পরিণত হচ্ছে। জীবনের তাগিদে তারা বিভিন্ন এলাকায় আশ্রয় নিলেও মানবেতর জীবনযাপন করতে বাধ্য হচ্ছে।
বক্তারা আরও বলেন, জলবায়ু পরিবর্তনের শিকার মানুষদের জন্য শুধু অস্থায়ী সহায়তা নয়, দীর্ঘমেয়াদি সামাজিক নিরাপত্তা, নিরাপদ বাসস্থান এবং টেকসই কর্মসংস্থানের ব্যবস্থা জরুরি। পাশাপাশি জলবায়ু উদ্বাস্তুদের অধিকার সুরক্ষায় কার্যকর নীতিমালা প্রণয়ন ও বাস্তবায়নের ওপর গুরুত্বারোপ করা হয়।
অনুষ্ঠানে জলবায়ু-অভিবাসী পরিবারের তালিকা প্রস্তুত, নিরাপদ আবাসন ও কর্মসংস্থান নিশ্চিত, সামাজিক সুরক্ষা কর্মসূচিতে অগ্রাধিকার প্রদান, টেকসই বেড়িবাঁধ নির্মাণ এবং সুপেয় পানির ব্যবস্থা নিশ্চিতকরণসহ ৭ দফা দাবি তুলে ধরে একটি স্মারকলিপি উপস্থাপন করা হয়।
মানববন্ধনে অংশ নেওয়া স্থানীয় নারী-পুরুষরা তাদের অনিশ্চিত জীবন থেকে মুক্তি এবং মর্যাদাপূর্ণভাবে বেঁচে থাকার অধিকার নিশ্চিত করার আহ্বান জানান।
আপনার মতামত লিখুন :