
সৌদি আরব থেকে অপরিশোধিত তেলের বড় চালান দেশে পৌঁছানোর পর দেশের একমাত্র তেল শোধনাগার ইস্টার্ন রিফাইনারি পিএলসি আবারও পুরোদমে পরিশোধন কার্যক্রম শুরু করতে যাচ্ছে। বৃহস্পতিবার (৭ মে) বিকাল থেকে এ কার্যক্রম চালু হওয়ার কথা রয়েছে।
ইস্টার্ন রিফাইনারি পিএলসির উপ-মহাব্যবস্থাপক (অপারেশন্স) মামুনুর রশীদ খান জানান, দেশে অপরিশোধিত তেলের একটি চালান এসেছে এবং সবকিছু ঠিক থাকলে বিকাল ৫টার পর থেকে পরিশোধন কার্যক্রম পুনরায় শুরু হবে। প্রাথমিকভাবে দৈনিক প্রায় সাড়ে ৩ হাজার টন জ্বালানি উৎপাদনের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে।
তিনি বলেন, শুরুতে কারিগরি সমন্বয়ের প্রয়োজন হওয়ায় উৎপাদন সীমিত রাখা হচ্ছে। তবে ধীরে ধীরে উৎপাদন বাড়িয়ে পূর্ণ সক্ষমতায় নিয়ে যাওয়া হবে।
মামুনুর রশীদ খান আরও জানান, সৌদি আরব থেকে আসা ‘এমটি নাইনেমিয়া’ নামের জাহাজটি কক্সবাজারের কুতুবদিয়ায় নোঙর করেছে। জাহাজটিতে ১ লাখ ৯৪ মেট্রিক টন অপরিশোধিত তেল রয়েছে, যা ইস্টার্ন রিফাইনারির জন্য আনা হয়েছে।
ইস্টার্ন রিফাইনারি পিএলসির ব্যবস্থাপনা পরিচালক মো. শরীফ হাসনাত বলেন, পরিকল্পনা অনুযায়ী সর্বোচ্চ সক্ষমতায় পরিশোধন কার্যক্রম পরিচালনার প্রস্তুতি নেওয়া হয়েছে। নতুন চালান আসায় জ্বালানি উৎপাদনে স্বাভাবিক গতি ফিরে আসবে বলে আশা প্রকাশ করেন তিনি।
রিফাইনারি সূত্র জানায়, বর্তমানে মজুত থাকা অপরিশোধিত তেল দিয়ে আনুমানিক ২০ থেকে ২৫ দিন পরিশোধন কার্যক্রম চালানো সম্ভব হবে। এরই মধ্যে পরবর্তী চালান আনার প্রস্তুতিও চলছে।
সূত্র আরও জানায়, চলতি মাসের ২০ তারিখের পর নতুন অপরিশোধিত তেলের চালান দেশে পৌঁছাতে পারে। সৌদি আরব থেকে ১০ থেকে ১২ মে’র মধ্যে নতুন চালান লোডিং সম্পন্ন হলে সরবরাহে কোনো বিঘ্ন ঘটবে না। পরবর্তী চালানেও প্রায় ১ লাখ মেট্রিক টন অপরিশোধিত তেল আসতে পারে বলে ধারণা করা হচ্ছে, যদিও তা জাহাজের ধারণক্ষমতার ওপর নির্ভর করবে।
আপনার মতামত লিখুন :