পানিসম্পদ মন্ত্রী মো. শহীদ উদ্দিন চৌধুরী এ্যানি বলেছেন, আগামী পাঁচ বছরে দেশের অন্তত ২০ হাজার কিলোমিটার খাল পুনঃখননের লক্ষ্য নিয়েছে সরকার। এই কর্মসূচির মাধ্যমে জনগণের প্রয়োজন ও স্বার্থকে অগ্রাধিকার দিয়ে দেশের উন্নয়ন নিশ্চিত করা হবে বলেও জানান তিনি।
বৃহস্পতিবার দুপুরে ঘোষেরহাট এলাকায় প্রধানমন্ত্রী কর্তৃক উদ্বোধনযোগ্য একটি খাল পরিদর্শন শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন।
মন্ত্রী বলেন, নির্বাচনী প্রতিশ্রুতি অনুযায়ী সরকার খাল খনন কর্মসূচিকে বিশেষ গুরুত্ব দিয়েছে। জনস্বার্থ ও জনগণের সুবিধার কথা বিবেচনা করেই এ উদ্যোগ নেওয়া হয়েছে। তিনি দাবি করেন, প্রধানমন্ত্রী তারেক রহমান-এর নেতৃত্বে ইতোমধ্যে এ কর্মসূচি দেশজুড়ে এক ধরনের জাগরণ সৃষ্টি করেছে।
তিনি আরও বলেন, নির্বাচন হওয়ার মাত্র দুই থেকে আড়াই মাসের মধ্যেই সরকার জনগণের সঙ্গে সম্পৃক্ত হয়ে উন্নয়নমূলক কর্মকাণ্ড শুরু করেছে। খাল পুনঃখননের মাধ্যমে কৃষি, পানি ব্যবস্থাপনা ও স্থানীয় অর্থনীতিতে ইতিবাচক পরিবর্তন আসবে বলে আশা প্রকাশ করেন তিনি।
মন্ত্রী বলেন, সরকারের বিশ্বাস আগামী পাঁচ বছরের মধ্যে একটি স্বনির্ভর বাংলাদেশ গড়ে তোলা সম্ভব হবে। এ সময় উপস্থিত ছিলেন শেখ ফরিদ আহমেদ মানিক, লায়ন হারুন অর রশিদ এবং আহমেদ জিয়াউর রহমানসহ স্থানীয় নেতাকর্মীরা।
আপনার মতামত লিখুন :