
সাতক্ষীরার আশাশুনিতে “আওয়ামী দোসরদের ষড়যন্ত্র ও হুমকি-ধামকির” শিকার হওয়ার অভিযোগ তুলে সংবাদ সম্মেলন করেছেন ঘের মালিক মো. ইউসুফ আলী। বৃহস্পতিবার (৭ মে) বিকাল সাড়ে ৫টায় আশাশুনি প্রেস ক্লাব কার্যালয়ে এ সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়।
লিখিত বক্তব্যে ইউসুফ আলী জানান, তিনি একটি বেসরকারি প্রতিষ্ঠানে চাকরি করেন। তার মেজ ভাই শহীদ রফিকুল ইসলাম ২০২১ সালে কুষ্টিয়া বিশ্ববিদ্যালয়ে ছাত্র শিবিরের ১১৪তম শহীদ হিসেবে মৃত্যুবরণ করেন। পারিবারিকভাবে তারা শ্রীউলা ইউনিয়নের লাঙ্গলদাড়িয়া মৌজায় পৈত্রিক ও ডিডকৃত জমিতে দীর্ঘদিন ধরে মৎস্য ঘের পরিচালনা করে আসছেন।
তিনি বলেন, মোট ২৩৩ বিঘা জমির মধ্যে বর্তমানে ১৮৯ বিঘা জমির কাগজপত্র রয়েছে এবং এর মধ্যে ১৩৮ বিঘা জমি দখল বুঝে পেয়েছেন। তবে বাকি জমির মধ্যে ২১ বিঘা জমি এখনো দখল না পাওয়ায় সেখানে মাছ চাষ করতে পারছেন না বলে অভিযোগ করেন তিনি।
ইউসুফ আলী আরও জানান, ডিডদাতা আসাদুজ্জামান (সাদ্দাম) মল্লিক, আলতাফ হোসেন মল্লিক ও সালিকুর রহমান মল্লিক তাদের অংশের ৮.৬৪ একর জমি আলাদা করে দখল নিয়েছেন। একইভাবে ইয়াউর রহমান ও আসাদুজ্জামান (উকিল) মল্লিকদের ৭.০০ একর জমি আলাদা করে নেয়ার কথা থাকলেও তা এখনো বুঝিয়ে দেওয়া হয়নি।
তিনি দাবি করেন, বিষয়টি নিয়ে থানায় অভিযোগের পর স্থানীয় রাজনৈতিক নেতৃবৃন্দের উপস্থিতিতে মাপজোক করে সীমানা নির্ধারণ করা হয়। পরবর্তীতে কিছু পক্ষ জমি দখল নিলেও অন্যরা তা না নেওয়ায় সমস্যার সৃষ্টি হয়।
তার অভিযোগ, একটি পক্ষ রাজনৈতিক ও স্থানীয় প্রভাব খাটিয়ে ষড়যন্ত্রমূলকভাবে তাদের ২১ বিঘা জমি দখলের চেষ্টা করছে এবং বিভিন্নভাবে হুমকি-ধামকি দিচ্ছে। পাশাপাশি আসাদুজ্জামান (উকিল) মল্লিকের বিরুদ্ধে টাকা দাবির অভিযোগও তোলেন তিনি।
এ অবস্থায় ইউসুফ আলী আইনশৃঙ্খলা বাহিনী ও স্থানীয় রাজনৈতিক নেতৃবৃন্দের জরুরি হস্তক্ষেপ কামনা করেছেন, যাতে তিনি ও তার পরিবার নিরাপদে চাষাবাদ ও ব্যবসা পরিচালনা করতে পারেন।
আপনার মতামত লিখুন :